করোনার তাণ্ডবে স্পেনে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৩২৪ জন। এখনও পর্যন্ত দেশে এটাই একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এদেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৬ জনের। মৃত্যুর দিক থেকে বিশ্বে ইতালি ও চিনের পরেই তৃতীয় স্থানে উঠে এসেছে স্পেন।
তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল, একদিনে দেশে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ৯৪৬ জন। যার ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৬। দেশের রাজধানী মাদ্রিদেই সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
গত কয়েকদিন ধরেই করোনার থাবায় কার্যত ক্ষতবিক্ষত স্পেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশই হয়ে উঠছে ভয়াবহ। শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২ শতাংশ। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৯৮০, একদিনে সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯২৬ জনে।’ পরিস্থিতি মোকাবেলায় এদিন থেকেই দেশজুড়ে ‘লক ডাউন’ ঘোষণা করেছে স্পেন সরকার। হোটেল, পানশালা, রেস্তোরাঁ এবং জনসমাগম হয় এমন স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অবিলম্বে বিদেশি পর্যটকদের দেশত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকদের ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





