বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ ছাপিয়ে গেল। মৃতের সংখ্যা প্রায় ৩১ হাজার। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে আছে আমেরিকা। ১ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত সেখানে। মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। কেবল নিউইয়র্কেই মারা গিয়েছেন ৫১৭ জন।
করোনার মোকাবিলায় শনিবারই ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। শুক্রবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই বিল পাস হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করার সঙ্গে সঙ্গে তা পরিণত হয় আইনে।
অন্যদিকে সমগ্র বিশ্বে মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে ইতালি। গত ২৪ ঘণ্টায় সেদেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। মোট আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ। বর্তমানে করোনার দাপটে কাঁপছে স্পেনও। গত ২৪ ঘণ্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে সেখানে। মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার ৭০০। আক্রান্ত ৭২ হাজারেরও বেশি। গতকাল স্পেনের রাজকুমারীও প্রয়াত হয়েছেন কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে।
ইউরোপের আরেক দেশ ব্রিটেনের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে মৃতের সংখ্যা এক হাজার পার করেছে। আক্রান্ত ছাড়িয়েছে ১৫ হাজার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত ডাউনিং স্ট্রিটে, নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
এশিয়ার ইরানের অবস্থাও ভয়াবহ। সেখানে ২৩০০-রও বেশি মানুষ মারা গিয়েছেন। আক্রান্ত প্রায় ৩০ হাজার। অন্যদিকে, নোভেল করোনা ভাইরাসের উৎস, চিনের উহান শহরকে ধীরে ধীরে লকডাউন-মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে ৮ ই এপ্রিল লকডাউন তুলে নেওয়া হবে।
ভারতীয় উপমহাদেশের দেশগুলির অবস্থাও অত্যন্ত করুণ। পাকিস্তানে ১৫০০-এরও বেশি মানুষ করোনাতে আক্রান্ত। ১০ জন মারা গেছেন। ৪৮ জন করোনা রোগীর খোঁজ মিলেছে বাংলাদেশে। মৃত ৫। শ্রীলঙ্কায় ১০৬ জন করোনায় আক্রান্ত। ভুটানে ৩, নেপালে ৪ এবং মলদ্বীপে ১৪ জন করোনায় আক্রান্ত। সরকারী মতে ভারতে আক্রান্তের সংখ্যা ১০০৪। মৃত ১৯।





