চিন্তায় মার্কিন মুলুক, মৃত্যুর ভরকেন্দ্র হয়ে উঠেছে নিউ ইয়র্ক: মৃতের সংখ্যা এখনও অবধি ১০৩১

করোনার ত্রাসে ভু-গোলক। সেই মারণ থাবায় প্রথম বিশ্বের দেশগুলো দিন দিন আরও বিপর্যস্ত হয়ে পড়ছে। চিনের পরে ইতালি, স্পেন, এখন মার্কিন মুলুকেও সংক্রমণ ছড়াচ্ছে হুহু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও অবধি মৃতের সংখ্যা ১,০৩১। সংক্রামিত ৬৮ হাজারের বেশি। আমেরিকায় করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে অন্যতম বড় শহর নিউ ইয়র্ক। সেখানে এখনো পর্যন্ত সংক্রমন ৩০ হাজার ছাড়িয়েছে।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানাচ্ছে, হাসপাতালে ভিড় উপচে পড়ছে। কিন্তু সকলকে পরিষেবা দেওয়া যাচ্ছে না। আইসোলেশন ওয়ার্ডে বেডও পাওয়া যাচ্ছে না। পরিষেবার অভাব স্পষ্ট দেখা দিচ্ছে। তবু চেষ্টার খামতি নেই। বেলভিউ হাসপাতালে নতুন মর্গ তৈরি করা হয়েছে। আরও কয়েকটি আইসোলেশন ওয়ার্ড তৈরির চেষ্টা চলছে হাসপাতাল-নার্সিংহোমে।

নিউইয়র্ক সিটি মেয়র বিল-দে ব্লাসিও বলেছেন, নিউ ইয়র্কের পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণ বেড়েই চলেছে ক্রমাগত। আক্রান্তদের চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থার অভাবও রয়েছে। মেয়রের কথায় এমন চলতে থাকলে খুব দ্রুত ফুরিয়ে যাবে ভেন্টিলেটর, হাই-ফ্লো অক্সিজেন মাস্ক। মিলবে না সার্জিক্যাল মাস্কও। তারপর রয়েছে আইসোলেশন বেডের অভাব। শহরের সব হাসপাতাল-নার্সিংহোমগুলিতে আইসোলেশন ওয়ার্ড বানানোর মতো সরঞ্জামও নেই। যে কটা আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানেও বেডের সংখ্যা কম। মেয়রের দাবি, আক্রান্তদের চিকিৎসা সেভাবে করা যাচ্ছে না। তাছাড়া সংক্রমণ সন্দেহে এতো অধিক মানুষ আসছেন যে কোয়ারেন্টাইন সেন্টারও কম পড়ছে। এমন সঙ্কট চলতে থাকলে আরও বেশি মানুষ মরবে নিউইয়র্কে।

স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করেছে জেনেও বিশেষ ব্যবস্থা নেয়নি সরকার। অবাধে চলেছে সামাজিক মেলামেশা। যার কারণেই এখন হাতের বাইরে চলে গেছে পরিস্হিতি। এখন মার্কিন জনতার ৪৩ শতাংশকে ঘরবন্দি থাকার কথা বলা হয়েছে, যাতে কিছুটা সংক্রমন রুখতে পারা যায়। বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা-সঙ্কটের মধ্যেও গত চার দিন ধরে আমেরিকায় বিশেষ আর্থিক প্যাকেজের ভোট দান পর্ব চলেছে সেনেটে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের মধ্যে।

সিটি মেয়র দে-ব্লাসিওর অভিযোগ, কোভিড- ১৯ সংক্রমণ দিন দিন বেড়ে গেলেও বিশেষ তোয়াক্কা করছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন সব রাজ্য, শহরে সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তা সব জায়গায় কার্যকরী হচ্ছে না ঠিকমত। মানুষের কাছে সচেতনতা বার্তা পৌঁছচ্ছে না ঠিক মতো। যার ফলে আরো বেশি ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন দিনকয়েক আগেই তাঁর গবেষণাপত্রে দাবি করেছিলেন, ভাইরাস নিয়ে সতর্ক ও সার্বিক স্তরে সচেতন না হলে বিপুল মৃত্যু দেখবে ব্রিটেন, আমেরিকা। শুধু আমেরিকাতেই করোনার বলি হতে পারেন অন্তত ২২ লক্ষ মানুষ। এখানকার ৫০টি প্রদেশেও করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরেও মানুষের সার্বিক সচেতনতার কোনো উন্নতি হয়নি। তারা এখনো যথেচ্ছ ভাবে ঘোরাফেরা বজায় রেখেছেন। যা আরো বড় বিপদকে ডেকে আনছে।

আরও অন্যান্য খবর