করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। তার মধ্যে যে সকল দেশ করোনার প্রিয় বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হলো আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা প্রায় তিন লক্ষ। বিশ্বে, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই।
বিশ্বজুড়ে এখনও এই অতিমারী প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এবার ভারতের কাছে করোনা প্রতিরোধের ওষুধের আর্জি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় এখন হাইড্রক্সিক্লোরোক্যুইনের জোগান নেই। এই পরিস্থিতিতে, শনিবার মেদিকে ফোন করেন ট্রাম্প। তিনি অনুরোধ করেন যত দ্রুত সম্ভব হাইড্রক্সিক্লোরোক্যুইন যেন পাঠানোর ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী। পরে, হোয়াইট হাউসে সেই কথা স্বীকারও করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান তাঁর সাথে ভারতের প্রধানমন্ত্রীর এই বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
গত ২৫শে মার্চ, হাইড্রক্সিক্লোরোক্যুইনের রপ্তানিতে স্থগিতাদেশ দেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। তবে তারা এও বলেন কোনো দেশ যদি ভারতের কাছে সাহায্য চান তবে এই সংকটময় পরিস্থিতিতে ভারত তাদের এই ওষুধ দিয়ে সাহায্য করবে।
ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ভারত রপ্তানি বন্ধ করেছে কারণ সেখানে ১৩০ কোটি মানুষ বাস করেন। এবং এই দুর্গম পরিস্হিতিতে ভারত সরকার তার দেশবাসীর কথা মাথায় রেখেই এই রপ্তানি বন্ধ করেছে। হাইড্রক্সিক্লোরোক্যুইন প্রধানত ম্যালেরিয়ার ওষুধ তবুও করোনা মোকাবিলায় তার কার্যক্ষমতা নিয়ে এখন বাজি ধরছেন ট্রাম্প প্রশাসন। তিনি জানিয়েছেন প্রয়োজনে আমি নিজেও নিতে পারি, তবে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ মেনে।
ট্রাম্প জানান, বহু ম্যালেরিয়া-কবলিত দেশে হাইড্রক্সিক্লোরোক্যুইন ব্যবহার করা হয়। এবং সেখানে মানুষ নিয়মিত এই ওষুধ সেবন করে ভালো আছেন। যে কারণে, সেই সব দেশে করোনার প্রকোপ অনেকটাই কম। তাই তাঁর দেশকে উজাড় হওয়া থেকে বাঁচাতে এখন একটাই রাস্তা সেই ম্যালেরিয়ার ওষুধই রোগীদের ওপর প্রয়োগ করা।





