তীব্রতার সঙ্গে অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্যই ছিল উহানের ল্যাবরেটরি থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। তবে বারবারই সেই অভিযোগ অস্বীকার করে চীন। আর এবার ব্রিটিশ গোয়েন্দা বিভাগ এমআই৬-এর প্রাক্তন প্রধান রিচার্ড ডিয়ারলাভও দাবি করলেন, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা।
ইংল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্ড জানিয়েছেন, ‘আমার মনে হয়, দুর্ঘটনাবশতই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। একটা প্রশ্ন উঠেছে, যদি চীনকে কোনওদিন এই ঘটনার দায়স্বীকার করতে হয়, তাহলে কি ওরা এর ক্ষতিপূরণ দেবে? চীনের সঙ্গে সম্পর্ক কোন পথে এগোবে, সেটা এবার সব দেশকেই ভাবতে হবে। আন্তর্জাতিক মহল চীনের নেতৃত্বের প্রতি কেমন আচরণ করবে, সেটাও ভাবতে হবে।’
১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত এমআই৬-এর প্রধান ছিলেন রিচার্ড। তিনি এই বিষয়ে আরও বলেছেন, ‘নরওয়েজিয়ান-ব্রিটিশ গবেষক দলের একটি সায়েন্টিফিক রিপোর্ট অনুযায়ী, চীনের একটি ল্যাবরেটরি থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কেউ যদি ভুল করে থাকে, তাহলে সেটা ঝুঁকির। চীনের রাজনৈতিক নেতারা যেভাবে দেশের মানুষকে গ্রেফতার করছেন বা মুখ বন্ধ করে দিচ্ছেন, ঠিক সেভাবেই করোনার উৎপত্তি নিয়ে বিতর্ক থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা কীসের মোকাবিলা করছি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। চীনের নেতাদের নিশ্চয়ই মনে হয়েছে, তাঁরা যে ভাইরাসের মোকাবিলা করছেন, সেটা ঠেকানোর চেষ্টা করার বদলে প্রতিদ্বন্দ্বীদের একইরকম অসুবিধায় ফেলে দেওয়া উচিত।’





