করোনার মৃত্যুগ্রাস ক্রমে বেড়েই চলেছে। প্রতি সেকেন্ড, মিনিট, ঘণ্টায় এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১ লাখ ৩৩ হাজার ১৪৪। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এটাই। এদের মধ্যে ৪ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। তাই এই রোগের প্রতিষেধক আবিষ্কারের জন্য প্রাণপণ লড়াই করছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। সেই দলে রয়েছে একজন বাঙালিও। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় কানাডার এই গবেষক দলের অন্যতম একজন সদস্য। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত ইতালি, স্পেন, ফ্রান্স। করোনায় বিধ্বস্ত ইরানও। ইতিমধ্যেই ভারতে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। ৮১ জনকে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পরিস্থিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার করোনাকে ‘মহামারী’ আখ্যা দিয়েছে। মানবজীবনকে বাঁচাতে কমবেশি সব দেশেই করোনার প্রতিষেধকের খোঁজ চলছে। এখনও পর্যন্ত সেভাবে কোনও ওষুধ চিকিৎসকদের হাতে না আসলেও নিরন্তর গবেষণা চলছে।
গবেষক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, গবেষক দল ইতিমধ্যেই এসএআরএস কোভি-টু ভাইরাসকে আলাদা করতে পেরেছেন। তাঁরা এই তথ্য বাকি গবেষকদেরও দিতে চান, এতে মিলিতভাবে ওষুধ আবিষ্কার করার কাজ আরও সহজ হবে। তাঁর বক্তব্য “করোনার কারণে যা হচ্ছে তা দুঃখজনক। তবে মহামারী ঠেকাতে ভূমিকা নিতে পারছি, এটাও গর্বের।”





