ফের অগ্নিগর্ভ ইজরায়েল। মৃত্যু হল ভারতীয় মহিলার। গাজায় ইজরায়েলি বায়ুসেনার বিমান হানার প্রতিশোধ নিতে, এবার ইজরায়েলের উপরে রকেট হানা চালাল প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস।
সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, এই হামলায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিহতদের তালিকায় রয়েছেন কেরলের বাসিন্দা সৌম্য সন্তোষ(৩২)।
ইতিমধ্যে কেরালায় ইদুক্কিতে তাঁর পরিবারকে এই খবর জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন।
নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, বছর আটেক ধরে আয়া হিসেবে ইজরায়েলের উপকূল শহর অ্যাশকেলোনে কাজ করতেন ওই মহিলা। এক বয়স্ক দম্পতির সঙ্গে সেই শহরের একটি আবাসনে থাকতেন। সেখান থেকেই মঙ্গলবার স্বামীকে ভিডিয়ো কল করছিলেন। সেই সময় জোরালো শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। তারপর ইজরায়েলে সৌম্যের কয়েকজন বন্ধুর সঙ্গে কোনওক্রমে যোগাযোগ করেন। জানতে পারেন যে অ্যাশকেলোনে রকেট হানা চালিয়েছে ‘জঙ্গি সংগঠন’ হামাস। আর তাতেই মৃত্যু হয়েছে সৌম্যের। তাঁর স্বামী এবং ছেলে ইদুক্কিতেই থাকেন।
পরিবার জানিয়েছে ভিডিও কলের মাঝে হঠাৎই, প্রচণ্ড আওয়াজ হয় এবং ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপর বারবার ফোন করেও সৌম্যর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। যোগাযোগ করা হয় ওই শহরে বসবাসকারী তাঁদের পরিচিতদের সঙ্গে। তখনই রকেট হানার খবর জানতে পারে পরিবার।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার থেকেই প্যালেস্তানি জঙ্গিগোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। গাজা এবং জেরুজালেমের একাংশে হামলা চালিয়েছে হামাস। জবাব দেয় ইজরায়েল। সূত্রের খবর, হামলায় প্রায় ৩২ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। সোমবারের পর মঙ্গলবারও হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।





