এমনিতেই করোনা ছড়ানোর দায়ে উঠতে বসতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে কথা শুনছে চীন। এবার করোনা আক্রান্তের সংখ্যা লোকানোর মত মারাত্মক অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। প্রকাশ্যে যত করোনা আক্রান্তের সংখ্যা চীন দাবি করেছে, আসলে নাকি তার থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছে ওই দেশে। ফাঁস হয়ে যাওয়া একটি ডেটা বেস থেকে জানা গিয়েছে, কয়েক লক্ষ আক্রান্তের সংখ্যা লুকিয়েছে চীন।
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি থেকে ফাঁস হয়ে যাওয়া ওই তথ্য অনুযায়ী, চীনে অন্তত ৬ লক্ষ ৪০ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। কিন্তু চীন দাবি করেছে আক্রান্তের সংখ্যা মাত্র ৮৪,০২৯।
‘ফরেন পলিসি’ ও ‘হানড্রেড রিপোর্টারস’ নামে দুটি সংস্থার কাছে চলে এসেছে একটি ডেটাবেস। যে ডেটাবেসে চিনের ২৩০টি শহরের ৬ লক্ষ ৪০ হাজার মানুষের এন্ট্রি রয়েছে। তাদের প্রত্যেকের ল্যাটিটিউড, লংগিটিউড উল্লেখ করা আছে। দিন ক্ষণ ধরে তাদের ‘কনমার্ফড’ কেস উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়েছে এইসব এন্ট্রি।
যেসব লোকেশনের এন্ট্রি রয়েছে, তার মধ্যে হাসপাতাল ছাড়াও রয়েছে হোটেল, সুপার মার্কেট, রেস্তোরাঁ, রেল স্টেশন, স্কুল ইত্যাদি। এমনকি কেএফসি-র ব্রাঞ্চের উল্লেখও রয়েছে সেখানে। প্রত্যেকটা এন্ট্রি যদি একেকটা পজিটিভ কেস হয়, তাহলে তার সংখ্যা ৬ লক্ষ ৪০ হাজার।
তবে ওই ডেটাতে কারও নাম উল্লেখ করা হয়নি। তাই এতগুলি কেসের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারছে না ‘ফরেন পলিসি’ ও ‘হানড্রেড রিপোর্টারস’ নামের ওই দুই সংস্থা।যদিও সংখ্যাটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে চীনের বিরুদ্ধে যে নতুন করে সন্দেহ বাড়ল, তা বলাই বাহুল্য।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যেহেতু চীনের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়েছে, তাই চীনের থেকে ক্ষতিপূরণ চাইতে পারে আমেরিকা। তবে তা কী হবে সে বিষয়ে কিছু জানাননি।
চীন সম্পর্কে এই বিষ্ফোরক তথ্য যে ট্রাম্পের হাতে চীনের বিরুদ্ধে অস্ত্র তুলে দেবে তা বোঝাই যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





