এমনি সম্পর্ক আদায়-কাঁচকলায় হলেও করোনা প্রতিরোধে এবার একজোট হয়ে কাজ করবে ভারত-পাকিস্তান। করোনা ভাইরাস মোকাবিলায় বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছিলেন। এবার সেই অনুরোধেই সাড়া দিল পাকিস্তান। SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার ঘোষণা করল পাকিস্তানের বিদেশমন্ত্রক। শুক্রবার একটি টুইটে এই সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর বিশেষ সহকারী (স্বাস্থ্য) জাফর মির্জা উপস্থিত থাকবেন এই ভিডিও কনফারেন্সে।
শুক্রবার SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির অন্যতম দেশ আফগানিস্তান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানে সাড়া দেন। আফগানিস্তান সরকারের মুখপাত্র সেদিক সিদ্দিকী এই সিদ্ধান্তে শিলমোহর দেন। SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলির আরেক সদস্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেও নরেন্দ্র মোদীর এই মহান উদ্যোগে সামিল হওয়ার ঘোষণা করেছেন।





