করোনা ভাইরাসের আতুরঘর নামে পরিচিত চীনে পুনরায় বাড়ছে সংক্রমন। রবিবার চীনের রাজধানীতে সংক্রামিতের সংখ্যা আরো ৩৬ জন বাড়ল। ফলে গত ১১ জুন থেকে মোট সেখানে নতুন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জন।
সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশের মূল ভূখণ্ডে রবিবার নতুন করে ৪৯ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে। যার সাথে বিদেশি ১০ জনের যোগাযোগ আছে। বাকি ৩৯ জনের সংক্রমণ দেশে থেকেই হয়েছে। তাঁদের মধ্যে ৩৬ জন বেজিংয়ের এবং বাকি তিনজন বেজিংয়ের সীমান্তবর্তী হেবেই প্রদেশের বাসিন্দা। এই নতুন সংক্রমন পুনরাবৃত্তির কারণে আতঙ্কিত সবাই।
বিশেষত অধিকাংশ সংক্রমিতই ফেংতাই জেলার শিনফাদি বাজার গিয়েছিলেন। তাঁরা বেজিংয়ের সেই বৃহত্তম বাজারের দোকানি। ঘটনার যোগসূত্র মেলায় সরকারের ক্ষোভে পড়েছেন জেলার সহ-প্রধান ঝাউ ইউকিং। করোনা রুখতে ‘অসমর্থ’ হওয়ায় তাঁকে সরানো হয়েছে।
রবিবার সাংবাদিক বৈঠকে ফেংতাইয়ের প্রধান ঝ্যাং জি জানান, জেলায় এখন ‘যুদ্ধকালীন ব্যবস্থাপনা’ ঘোষণা করা হয়েছে। শিনফাদি বাজার সংলগ্ন প্রায় ৪৬,০০০ মানুষের নমুনা পরীক্ষার চেষ্টা করছে প্রশাসন। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে আনাজপাতি, মাংস এবং সামুদ্রিক খাবারের বাজার। এছাড়া ১১টি আবাসন, স্থানীয় তিনটি স্কুল এবং কিন্ডারগার্ডেন বন্ধ করে দেওয়া হয়েছে।






