যতই পাকিস্তান চেষ্টা করুক না কেন কিছুতেই পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণভাবে দখল নিতে পারছে না পাকিস্তান সরকার। এমনিতেই সারাবছর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নাজেহাল থাকে পাক প্রশাসন। এবার পাক অধিকৃত কাশ্মীরের জনসংযোগ বিভাগের ডিরেক্টর জেনারেলের ওয়েবসাইট হ্যাক হয়ে গেল এবং সেখানে লেখা হল যে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের থেকে আজাদি চায়।
এই ওয়েবসাইট খুলতেই দেখা যায় লেখা রয়েছে, আজাদ কাশ্মীরের মানুষ পাকিস্তানের থেকে স্বাধীনতা চায়। পাক সেনা ও পুলিশ এখানে চরম অত্যাচার করছে ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। আমরা পাকিস্তান থেকে আজাদি চাই। গত ফেব্রুয়ারি মাসে ভারতীয় বায়ুসেনা পাক এফ-১৬ বিমানকে গুলি করে নামিয়েছিল। পাকিস্তান তা ধামা চাপা দিয়েছে।
আবার পাক অধিকৃত কাশ্মীরের নির্বাসিত নেতা সর্দার সওকত আলি কাশ্মীরী পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোপ দেগেছেন। পাক সরকার পাক অধিকৃত কাশ্মীরের মানুষজনকে কোনরকম স্বাধীনতাই দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এই নেতা। ১৯৪৭ সালে কাশ্মীর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চেয়েছিল কিন্তু পাকিস্তান এই কাশ্মীরকে স্বাধীনতা তো দেয়ইনি উল্টে সেই বছরের ২২ অক্টোবর কাশ্মীরে হামলা করে পাকিস্তান। তারপর থেকেই কাশ্মীরে দখলদারি করে চলেছে পাকিস্তান প্রশাসন।
তাই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের প্রশাসনকে একদম পছন্দ করে না। গতবছর এখানে এসে ইমরান খান খুব ভালো করেই সে কথা বুঝে গিয়েছিলেন। পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ইমরানের সামনেই গো নিয়াজি গো স্লোগান দেওয়া হয়। গোটা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ইমরানের বিরুদ্ধে।






