পথ প্রদর্শক ভারত, পাক সরকারের কাছে লকডাউন জারির আর্জি শোয়েবের

সপ্তাহ খানেক আগেই করোনা ভাইরাস ছড়ানোর দায়ে চিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। এবার নিজের দেশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি। আর প্রশংসা করলেন ভারতের। বিশ্বব্যাপী যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে সচেতনতার অভাব দেখছেন শোয়েব। সেদেশে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৭০০। তাও রাস্তাঘাটে বেরোচ্ছেন মানুষজন। পিকনিক করছেন। রেস্তোঁরাগুলিও খোলা রয়েছে। এ প্রসঙ্গে একটি ইউটিউব ভিডিওতে শোয়েবকে বলতে শোনা গিয়েছে, ‘জরুরি দরকারে বাড়ির বাইরে গিয়েছিলাম। গাড়ির ভিতরেই ছিলাম। নামিনি। গাড়ির কাচ পর্যন্ত নামাইনি। কারও সঙ্গে হাত মেলাইনি। কাউকে হাগ করিনি। কিন্তু বাইরের ছবিটা ভয়ঙ্কর। লোকজন ঘুরছে ফিরছে। একসঙ্গে খাচ্ছে।’

পাকিস্তানের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা কম হলেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সংক্রমণ রুখতে। বিপর্যয় মোকাবিলায় গতকাল জনতা কার্ফুর মতো বিশেষ এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি লকডাউন জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে। যা নজর কেড়েছে প্রাক্তন পেসারের। ভারতের প্রসঙ্গ টেনে এনে তিনি পাক সরকারকে দ্রুত লকডাউন জারির অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ‘ভারতের জনতা-ই কার্ফু জারি করেছে। অথচ পাকিস্তানের কাউকে বাইরে বেরোনো থেকে আটকানো যাচ্ছে না। ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনা ভাইরাস ছড়াচ্ছে সংস্পর্শ থেকে। এখানকার মানুষ যে কত বড় ভুল করছে, তা বুঝতে পারছে না। ওরা কথা শুনছে না।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment