করোনা অতিমারীই এখন বিশ্বের একমাত্র ত্রাস! যাকে পরাস্ত করার অস্ত্র এখনও তৈরী করে উঠতে পারেনি কোনও দেশ। এই সময়ই এক চাঞ্চল্যকর দাবি করল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ।চীনের চোখ রাঙানির ভয়েই করোনা সংক্রমণকে অতিমহামারী ঘোষণা করতে দেরি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই বিষয়ে সম্প্রতি জার্মানিও ‘হু’এর বিরুদ্ধে অভিযোগ তোলে। সম্প্রতি ‘প্রমাণ’-সহ এই একই দাবি করে জার্মান সংবাদমাধ্যম ‘ডের স্পিজেল’।
যদিও হু এর পক্ষ থেকে আগেই এই দাবিকে নস্যাৎ করা হয়েছিল। সিআইএ-এর দাবি, ডিসেম্বর মাসের শেষাশেষি থেকে চীনে যখন করোনা সংক্রমণ ব্যাপক আকার নিতে শুরু করে এবং চীন থেকে তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে শুরু করে সেই সময়ই হু এর পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণকে অতিমহামারী ঘোষণা করা উচিৎ ছিল।
২০২০ জানুয়ারি মাসে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের সঙ্গে চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপ হয়। সেই ফোনালাপে শি জিনপিং হু প্রধানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানান, হু যদি এখনই করোনাকে বিশ্বব্যাপী অতিমারী ঘোষণা করে তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবরকম সাহায্য করা বন্ধ করবে চীন। আর তাই ডিসেম্বর থেকে করোনা প্রভাব বাড়তে শুরু করলেও তা নিয়ে বিশেষ গুরুত্ব দেখাতে পারেনি হু।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্পেন, ইতালি সহ অন্যান্য দেশে যখন করোনা বিশাল আকার ধারণ করে তখনই বাধ্য হয়ে করোনাকে বিশ্বব্যাপী মহামারী বলে ঘোষণা করে হু। এই বিষয়ে সিআইএ-এর হাতে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে বলেও দাবি করা হয়েছে।






