“সারাকে নিয়ে খুব গর্ব হয়, আর জারা তো এখন…”, বিচ্ছেদের পরে দুই মেয়ের কেমন সম্পর্ক যিশুর? যোগাযোগ কি আছে বাবার সঙ্গে? আবেগী হয়ে কী জানালেন অভিনেতা?

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। তবে প্রায় দুই বছর আগে তাঁদের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। বর্তমানে ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যায়, তাঁদের আইনি বিচ্ছেদও সম্পন্ন হয়েছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে এই বিষয়ে বিশেষ মন্তব্য করেননি। জানা যায়, কলকাতায় থাকলেও বালিগঞ্জের পারিবারিক পরিসরে যিশুর যাতায়াত আগের মতো নেই। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের দূরত্ব স্পষ্ট হয়েছে। নীলাঞ্জনা এবং বড় মেয়ে সারা একসময় যিশুকে আনফলো করেছিলেন। পরে অবশ্য যিশু আবার সারাকে ফলো করা শুরু করেন। ছোট মেয়ে জারার ক্ষেত্রে বাবার ফলো সবসময়ই বজায় ছিল।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দুই মেয়ের সঙ্গে যিশুর যোগাযোগ আদৌ রয়েছে কি না। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দেন। সারা ও জারার প্রসঙ্গে তিনি জানান, বড় মেয়ে নিজের কেরিয়ারে খুব ভালো কাজ করছে এবং তা দেখে তিনি অত্যন্ত গর্ব অনুভব করেন। একইসঙ্গে জারার কথাও উল্লেখ করে বলেন, সে এখন অনেক বড় হয়ে গেছে এবং পড়াশোনায় ব্যস্ত রয়েছে। মেয়েদের বিষয়ে কথা বলতে গিয়ে যিশুর বক্তব্য ছিল, “সারা ওর কেরিয়ারে দারুণ কাজ করছে। জারা-র পড়াশোনা চলছে। প্রচুর বড় হয়ে গিয়েছে। কেরিয়ারের দিক থেকে দারুণ করছে সারা। ওকে নিয়ে ভীষণ গর্ব হয় আমার। যোগাযোগ আছে নিশ্চয়ই।”

সারা সেনগুপ্তকে দর্শক প্রথম বড় পর্দায় দেখেছিলেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘উমা’ ছবিতে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি সেই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যিশু নিজেই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা শেষ করে পরে মডেলিং জগতেই নিজের কেরিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন সারা। বর্তমানে তিনি মূলত মুম্বইয়ে থাকেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর মা নীলাঞ্জনাও নিজের কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়েই। সেই পথেই এখন এগোচ্ছেন তাঁদের বড় মেয়ে।

আরও পড়ুন: সুখবর বিনোদন দুনিয়ায়! বিয়ের দু’বছর পর পরিবারে এল নতুন অতিথি! কন্যা সন্তানের জন্মে আনন্দে ভাসছে কোন জনপ্রিয় তারকা-দম্পতি?

অন্যদিকে, ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর নীলাঞ্জনা নিজের কাজের জগতে নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন এবং এখন সেই কাজ নিয়েই ব্যস্ত। যিশুও প্রযোজনার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছেন। সৌরভের সঙ্গে যৌথভাবে তিনি ‘হোয়াই সো সিরিয়াস’ নামে একটি প্রযোজনা সংস্থা শুরু করেছেন। অভিনয়ের পাশাপাশি নতুন এই দায়িত্বও সামলাচ্ছেন অভিনেতা। টলিউডে তাঁদের দুজনের নতুন পেশাগত যাত্রা এখন বিশেষভাবে নজর কাড়ছে।

এদিকে যিশুর প্রযোজনা সংস্থা থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন ছবি ‘অভিমান’। এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ছবিতে একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্প্রতি প্রকাশিত ট্রেলারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবির গল্পে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা এবং আবেগের নানা দিক তুলে ধরা হয়েছে। এক সময়ের জনপ্রিয় রকস্টার, তাঁর এক অনুরাগী এবং সেই রকস্টারের ছেলেকে কেন্দ্র করেই এগোবে ছবির মূল কাহিনি।

আরও অন্যান্য খবর