ধর্ষণের অভিযোগ দায়ের করায় নির্যাতিতাকে দেওয়া হচ্ছিল হুমকি। অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল বলেও খবর। এবার মিলল সেই নির্যাতিতার মৃতদেহ। নির্যাতিতাকে খুনের অভিযোগে গ্রেফতার খোদ এক পুলিশ কর্মীই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়াতে। জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই ভাড়া থাকছিলেন এক মহিলা। গত ৫ সেপ্টেম্বর ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনার চারদিন পর ওই মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগ, এরপর থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল ওই মহিলাকে।
মৃতার পরিবারের দাবী, এই গোটা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা চলছিল। নির্যাতিতার দাদা জানান, থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাদের। ওই অভিযুক্ত পুলিশ কর্মীর স্ত্রী তৃণমূল পঞ্চায়েতের সদস্যা। ফলে নিজেদের প্রভাব খাটাচ্ছিলেন তারা, এমনটাই অভিযোগ।
নির্যাতিতার পরিবার জানায়, অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হলেও নির্যাতিতা কোনওভাবেই বিষয়টি মিটমাট করেন নি। আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবী। অভিযুক্ত পুলিশকর্মীর স্ত্রী গোটা বিষয়টি জানতেন বলে দাবী মৃতার পরিবারের।
আরও পড়ুনঃ ‘সবকটা পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে…’, জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে কটাক্ষ তৃণমূল নেতার
জানা গিয়েছে, অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের স্ত্রী তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যাকেও। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ, সোমবারই তাদের আদালতে পেশ করা হবে।






