আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ ও হাসপাতালের নিরাপত্তার দাবী তুলে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। আমরণ অনশন চালাচ্ছেন তারা। এর আগে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে নানান কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার নারীদের সম্মান রক্ষা নিয়ে মন্তব্য করলেন তিনি। নারীদের সম্মান রক্ষার্থে পুরুষদের দিলেন বিশেষ বার্তা।
তৃণমূল সাংসদের কথায়, এক হাজার পুলিশও যথেষ্ট নয় নারীদের সম্মান রক্ষার জন্য যদি না পুরুষরা নারীদের সম্মান দিতে পারে। পুরুষরা যদি নারীদের সম্মান দিতে এগিয়ে আসে, তবেই নারীদের সম্মান রক্ষা করা সম্ভব। এই নিয়ে পুরুষদের বিশেষ বার্তা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শ্রীরামপুরের সাংসদের কথায়, মানুষ উৎসবে মেতে উঠেছে। এই সময়ে তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন মা যাতে সমস্ত অশুভ শক্তি ও চিন্তা দূরে সরিয়ে দেন। তিনি বলেন, “পুরুষরা যাতে নারীদের সম্মান রক্ষার জন্য এগিয়ে আসে দুর্গাপুজোর সময় সেই প্রতিশ্রুতি দিতে হবে। তবেই মেয়েরা সুরক্ষিত থাকবে”।
দেবী দুর্গার কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মা দুর্গার সম্মান করেছিলেন শিব, মা কালীর সম্মান করেছিলেন শিব। তাতেই মা, মা হতে পেরেছেন। মা সব অশুভ শক্তিকে বিনাশ করতে পারে। তাই যারা বাংলাকে কলুষিত করছে তাদের মনটাকে যেন দেবী পরিষ্কার করে দেন”।
তৃণমূল সাংসদের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিরোধীরা। সিপিএম নেত্রী দীপ্সিতা ধর বলেন, “যারা জনপ্রতিনিধি সমাজ ব্যবস্থাকে শোধরানোর দায়িত্ব তাদের। যারা মাইকে করে বলে বেড়ায় ধর্ষণ ছোট ঘটনা। যারা এগারো বছরের গণধর্ষণ হয়ে খুন হওয়ার পরেও মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের জন্যই সমাজের এই অবস্থা। যারা অপরাধী তাদের জন্যই সরকার। শাসক দলের উচিত আগে নিজেদের পরিবর্তন করা”।
আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগ দায়ের করায় নির্যাতিতাকে খুন, গ্রেফতার খোদ পুলিশ কর্মীই, ধৃত ব্যক্তি তৃণমূল নেত্রীর স্বামী
কল্যাণের এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপিও। তাদের কথায়, আগে তৃণমূল কর্মীদের নিজেদের চরিত্র বদল করা উচিত।






