ফের বাড়ছে পজিটিভিটি রেট! কলকাতার করোনা আক্রান্তদের ৬০ শতাংশই টিকার দ্বিতীয় ডোজ প্রাপ্ত, উদ্বেগে প্রশাসন

টিকা যে কখনোই করোনাকে ঠেকানোর রক্ষাকবচ নয়, তা আগেও বারবার বলা হয়েছে চিকিৎসক মহলের তরফে। এই কারণে অনেকেরই করোনার দ্বিতীয় ডোজ হয়ে গেলেও উৎসবের মরশুমে সতর্ক থাকতে বলা হয় বিশেষজ্ঞদের তরফে। কিন্তু দুর্গাপুজোর সময় যে চরম অসতর্কতার ছবি উঠে এসেছে, মাস্ক ছাড়াই মানুষজন যেভাবে রাস্তায় বেরিয়ে পড়েছিল, তাতে করে চিকিৎসকদের ভয় যে অমূলক ছিল না, তা বোঝা গেল। বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা।

বৃহস্পতিবার করোনা সংক্রান্ত যে রিপোর্ট পুরসভা থেকে নবান্নে পাঠানো হয়েছে, তাতে দেখা গিয়েছে শুধু কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। আর এদের মধ্যে ২০১ জন উপসর্গবিহীন ও ৫৯ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ।

এই ২৬০ জন করোনা আক্রান্তদের মধ্যে টিকার শুধুমাত্র একটি ডোজ় নিয়েছেন, এমন রোগীর সংখ্যা ১৯ জন। এদের মধ্যে ১২ জন উপসর্গবিহীন, ৭ জনের উপসর্গ রয়েছে। আর টিকার দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে এমন আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। তাদের মধ্যে উপসর্গবিহীন হলেন ১২০ জন ও উপসর্গ রয়েছে ৪৩ জনের। আর টিকা নেওয়াই হয়নি, এমন আক্রান্তের সংখ্যা ৩৭। ২৬০ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জন।

এমন রিপোর্টে স্বভাবতই উদ্বেগ বেড়েছে পুরসভা মহলে। পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ উদ্বেগ প্রকাশ করে জানান যে ফের পরিস্থিতি নিয়ে ভয় বাড়ছে। পুরকর্তারাও স্বীকার করে নিয়েছেন কে পুজোর মরশুমে যেভাবে ভিড় বেড়েছে, এর জেরেই করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এর জেরে সংশ্লিষ্ট বিভাগের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।

পুজোর সময় নমুনা পরীক্ষার হার কমে গিয়েছিল। এই কারণে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেকরোনা আক্রান্তের হার কমেছে। কিন্তু পুজো মিটতেই আসল ছবি সামনে আসতে শুরু করেছে। ফের পজিটিভিটির হার বাড়ছে। বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭-এ। একদিনে সবচেয়ে করোনা আক্রান্ত কলকাতায়। যা রীতিমতো উদ্বেগের। মোট করোনা আক্রান্তের ২৪৪ জনই ছিল কলকাতার। আর আজ সেই সংখ্যাই বেড়ে হয়েছে ২৬৩। বুধবার পজিটিভিটি রেট ছিল ২.৪৩ শতাংশ। তাই টিকা নেওয়া হয়ে গেলেই যে নিশ্চিন্তে মাস্ক না পরেই ঘুরে-বেড়ানো যাবে, এমন ভাবাটা বন্ধ করার সময় এসেছে।

RELATED Articles