Mur*der: একাদশীর ভোরে রাস্তায় গলা*কাটা যুবকের দেহ! পাশেই মদের বোতল, শিহরিত এলাকাবাসী!

পুজোর আনন্দ এখনও শেষ হয়নি, তার মাঝেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভোরবেলা চোখে পড়ল ভয়ংকর এক দৃশ্য। একাদশীর সকালে গ্রামের রাস্তায় পড়েছিল এক যুবকের নিথর দেহ। গলার কাছে থেকে বেরোচ্ছে রক্ত, দেহের একপাশে আবার পড়ে আছে মদের বোতল। এমন দৃশ্য দেখে সকালের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসবের আবহ মিলিয়ে গিয়ে ভয় আর অস্বস্তি গ্রাস করেছে গ্রামবাসীদের মনে।

ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনির কাঠের ব্রিজের কাছে। সকাল-সকাল পথচলতি মানুষ প্রথমে দেহটি দেখতে পান। কাছে যেতেই বোঝা যায়, ভয়ানকভাবে খুন করা হয়েছে যুবকটিকে। গলার নলি কেটে রক্তাক্ত অবস্থায় দেহ ফেলে রাখা হয়েছিল রাস্তায়। কেউই মৃত যুবকটিকে চিনতে পারেননি। ফলে ঘটনাটি আরও রহস্য তৈরি করেছে। স্থানীয়দের প্রশ্ন, বাইরে থেকে আসা কোন দুষ্কৃতীর দল এই খুনের সঙ্গে জড়িত কি না।

দেহটির পাশ থেকে উদ্ধার হওয়া মদের বোতল নতুন করে সন্দেহ ও অভিযোগের সৃষ্টি করেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সন্ধ্যা নামলেই ওই রাস্তায় নিয়মিত মদের আসর বসে। এমনকি বাইরের লোকজনও এই এলাকায় ঢুকে মদ খেয়ে হট্টগোল করে বলে তাঁদের অভিযোগ। আর সেই কারণেই অপরাধ বাড়ছে বলে গ্রামবাসীদের দাবি। একাদশীর সকালে ভয়াবহ এই ঘটনাই যেন সেই অভিযোগের সত্যতা প্রমাণ করল। স্থানীয়দের কথায়, “যতদিন না এই মদের আসর বন্ধ হচ্ছে, কোনওদিন এলাকায় শান্তি ফিরবে না।”

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মৃত যুবকের পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কে বা কারা খুনের সঙ্গে জড়িত, তারও তদন্ত শুরু করেছে। যদিও এদিন পর্যন্ত পুলিশ মৃতের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি। ফলে রহস্য আরও গভীর হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ POK Update: অগ্নিগর্ভ পাক অধিকৃত কাশ্মীর! রক্তাক্ত বিক্ষোভে মৃত্যু-মিছিল, দমননীতির আঁধারে সাধারণ মানুষ

গ্রামবাসীদের আতঙ্ক এখন আরও বেড়েছে। উৎসবের মাঝেই এমন একটি নৃশংস হত্যাকাণ্ডে এলাকার মানুষজন শিউরে উঠেছেন। তাঁদের দাবি, পুলিশকে অবশ্যই দ্রুত কড়া পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র মদের আসর বন্ধ করলেই নয়, বাইরের লোকজনের অবাধ প্রবেশও বন্ধ করা দরকার। নাহলে ছোট্ট এই গ্রামে অপরাধ থামবে না। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগোচ্ছে, শিগগিরই পরিষ্কার হবে কীভাবে এই বীভৎস হত্যাকাণ্ড ঘটল এবং কারা এর নেপথ্যে রয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর