চার দিনের জন্য বন্ধ থাকবে চেতলা ব্রিজ ও বিজন সেতু, চলবে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা

এবার লকডাউনের মধ্যে চলবে সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ। এই কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণ কলকাতার চেতলা আরসিসি ব্রিজ ও বালিগঞ্জের বিজন সেতু বন্ধ রাখা হচ্ছে। এই দুটি সেতু বর্তমানে কতটা ভার বহন করতে পারে তা পরীক্ষা করে দেখবে কেএমডিএ। ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ হয়েছে টালিগঞ্জের করুণাময়ী সেতু।

পুলিশ জানিয়েছে, আগামী ১৪ই মে থেকে সকাল ন’টা থেকে ১৮ই মে ভোর পাঁচটা পর্যন্ত চেতলা আরসিসি সেতু বন্ধ করে দেওয়া হবে। এই সেতু পেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউ থেকে সোজা চেতলার দিকে যাওয়ার বদলে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, দেশপ্রাণ শাসমল রোড, বালিগঞ্জ সার্কুলার রোড অথবা শ্যামাপ্রসাদ মুখার্জী রোড থেকে হাজরা মোড় হয়ে জাজেস কোর্ট রোড, আলিপুর রোড হয়ে চেতলায় পৌঁছানো যাবে। চেতলার দিক থেকে পূর্বদিকে আসার জন্য আলিপুর রোড থেকে দুর্গাপুর ব্রিজ অথবা আলিপুর রোড থেকে রাজা সন্তোষ রোড হয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।

এদিকে, ১৪ মে সকাল ৬টা থেকে ১৮ মে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাটের বিজন সেতুও। রাসবিহারী থেকে গড়িয়াহাটে আসার জন্য পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। গড়িয়াহাট থেকে রাসবিহারী কানেক্টরের দিকে যাওয়ার জন্য ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। সাধারণ দিনে এই দুটি সেতু সবসময় ব্যস্ত থাকে কিন্তু লকডাউনের জেরে এই সেতুগুলো বন্ধ থাকলেও কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন পুলিশ প্রশাসন।কারণ গাড়ির সংখ্যা কম থাকায় দক্ষিণ কলকাতায় যানজটের সৃষ্টিও হবে না।

RELATED Articles

Leave a Comment