ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, অভিযোগ তুলে বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির, হাতে মশা নিয়ে ঢুকলেন শুভেন্দুরা

গতকাল অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল বিধানসভা চত্বর। আজ, মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও ফের উত্তেজনা বিধানসভায়। এদিন হাতে মশা নিয়ে বিধানসভায় প্রবেশ করেন বিজেপি নেতারা। সেই মশাতে আবার পরানো নীল পাড়ের সাদা শাড়ি।

ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার ডাহা ফেল করেছে। এমনই অভিযোগ তুলেছেন বিরোধীরা। আজ, মঙ্গলবার বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন অধিবেশনে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার তা খারিজ করে দেন।

আর এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। ওয়াকআউট করে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। প্রতীকী মশা তৈরি করে, পোস্টার বানিয়ে বিজেপি নেতারা স্লোগান তোলেন। মশারি মিছিলও চলে। রাস্তায় নেমে জনসচেতনতা প্রচার করেন বিধায়করা। বাসে বাসে মশারি বিলি করা হয়।  

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, অভিযোগ তুলে বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির, হাতে মশা নিয়ে ঢুকলেন শুভেন্দুরা

এই ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, “কোনও ইস্যুতে আলোচনা চাইছে না সরকার। ডেঙ্গু মহামারীর আকার নিচ্ছে। সংক্রমণ বাড়ছে দিনদিন। তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা নেই। আগে কোনও বিষয়ে আলোচনা চাইলে স্বাস্থ্যমন্ত্রী সময় দিতেন। কিন্তু এবার তো দেখা যাচ্ছে, বিরোধীদের কোনও গুরুত্বই নেই”।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার, অভিযোগ তুলে বিধানসভায় অভিনব প্রতিবাদ বিজেপির, হাতে মশা নিয়ে ঢুকলেন শুভেন্দুরা

বলে রাখি, গতকাল, সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের হাসপাতাল এবং পরীক্ষাকেন্দ্রগুলিকে নির্দেশ দিতে তিনি বলেন যাতে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যেই পাওয়া যায়।

মমতা নির্দেশ দেন যে রিপোর্ট দিতে এর থেকে বেশি দেরি যাতে কোনওমতেই না হয়, তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রুখতে সবথেকে যেটা জরুরি, তা হল দ্রুত পরীক্ষা করা এবং পরীক্ষার রিপোর্ট পেয়ে চিকিৎসা শুরু করা।

RELATED Articles