উত্তপ্ত হল কলেজ স্ট্রীটের কফি হাউস চত্বর। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ানো ও পাল্টা জবাব দিয়ে বিজেপির সমর্থকদের সরব হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কফি হাউসে। এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও।
ঘটনার সূত্রপাত হয় কিছুদিন আগে। কফি হাউসের দেওয়ালে ‘নো ভোট টু বিজেপি’ অর্থাৎ বিজেপিকে একটিও ভোট নয় লেখা পোস্টার লাগানো হয়। গতকাল, সোমবার সন্ধ্যায় এর প্রতিবাদে ১০-১২জনের একটি দল মোদীপাড়া লেখা গেরুয়া টি-শার্ট পরে কফি হাউসে ঢোকে।
আরও পড়ুন- বঙ্গ বিজেপি নেতাদের জরুরী তলব শাহ্’র, বদল সফরসূচিতে, কলকাতায় বৈঠক আজ
কফি হাউসে ঢোকার পর তারা সেখানকার বিজেপি বিরোধী পোস্টার ছিঁড়ে ফেলেন। এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। স্লোগান তোলেন ‘মোদীপাড়া’ ও ‘জয় শ্রী রাম’ বলে। এর কারণে অন্যান্য ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য। অভিযোগ, কফি হাউসের কর্মীদের মধ্যে কেউ কেউ তাদের বাধা দিতে গেলে তারা আহত হন। এই ঘটনার সময় প্রতিবাদীদের মধ্যে ছিলেন মধুরিমা বক্সি। তাঁর কথায় দিল্লির দাঙ্গায় উস্কানি দেওয়া এক বিজেপি নেতা এদিন উপস্থিত ছিলেন কফি হাউসে। তাঁর উস্কানিতেই এই তাণ্ডব চলে বলে অভিযোগ।
এই ঘটনায় কফি হাউসের কোঅপারেটিভ সোসাইটির পক্ষে তপনকুমার পাহাড়ি বলেন, “এত বছর কফি হাউসে কাজ করছি, কিন্তু কখনও হাউসের মধ্যে লাল সেলাম, জয় বাংলা, বা জয় শ্রী রাম স্লোগান উঠতে দেখিনি”।
আরও পড়ুন- নানা কেন্দ্রে বিক্ষোভের জের, প্রার্থী বদল করতে পারে বিজেপি
এই ঘটনায় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, কফি হাউসের মতো এমন ঐতিহ্যবাহী স্থানে রাজনীতি ঢোকাটা সত্যিই কাম্য নয়। যেভাবে পোস্টার ঢেকে ফেলা হয়েছে, তা কফি হাউসের সংস্কৃতির সঙ্গে যায় না। কিন্তু গেরুয়া টি-শার্ট পরে কয়েকজন ঢুকলেই যে তাদের বাধা দিতে হবে, সেটাও মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার দুপুর ২টোয় কফি হাউসের নীচে প্রতবাদ কর্মসূচীর দাজ দিয়েছেন প্রতিবাদীরা।





