বড় জয় শুভেন্দুর! সন্দেশখালি যেতে পারেন বিরোধী দলনেতা, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যেতে আর কোনও বাধা রইল না। তিনি যেতে পারবেন সন্দেশখালি, এমনটাই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানান, যে চার পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি নেই, সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে যেতেই পারেন শুভেন্দু, তাতে কোনও বাধা নেই।

আজ, সোমবার শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবী করেন, গত ১২ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী যেতে চেয়েছিলেন সন্দেশখালি। কিন্তু তাঁকে আটকানো হয়। আইনজীবী এও জানান, আদালতের নির্দেশ ছিল যে সন্দেশখালিতে কিছু নির্দিষ্ট জায়গায় পরিস্থিতি বিচার করে ১৪৪ ধারা জারি করতে হবে। কিন্তু পুলিশ তা না করে, সন্দেশখালির গোটা জায়গায় এমনকি সন্দেশখালির বাইরেও ১৪৪ ধারা জারি করে শুভেন্দু অধিকারীকে আটকে দেয়। এই ঘটনা বেআইনি বলে দাবী করেন আইনজীবী।   

এও প্রসঙ্গে রাজ্যের তরফের আইনজীবী পাল্টা দাবী করেন যে যিনি এলাকার বাসিন্দা নন, তাঁকেও এমন পরিস্থিতিতে এলাকায় ঢুকতে দিতে পুলিশ বাধ্য কী না, তা বিচার করে দেখা উচিত আদালতের। রাজ্যের আইনজীবীর কথায়, শুভেন্দু অধিকারী সন্দেশখালির বাসিন্দা নন। তাই সেখানে তিনি ১৪৪ ধারা জারি নিয়ে মামলা করতে পারেন কী না, তাও খতিয়ে দেখা উচিত।  

এরপর বিচারপতি কৌশিক চন্দ জানান, প্রশাসন কোনও জায়গায় বিধিনিষেধ আরোপ করতেই পারে। ১৪৪ ধারা জারি করতেই পারে। কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কোনও ব্যক্তি যাবেন কী না, তা বলে দিতে পারে না প্রশাসন। এরপরই তিনি জানান যে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যেতে দিতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্দেশখালি যেতে গেলে আটকানো হয় শুভেন্দু অধিকারীকে। তাঁর অভিযোগ, আদালত গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করার পরও ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। তাঁকে আটকানোর জন্যই এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এর জেরে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখান তিনি ও বাক্ল বিজেপি বিধায়করা। এই ঘটনায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর হাইকোর্ট তাঁকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল।  

আরও অন্যান্য খবর