করোনা রুখতে দেশব্যাপী তৃতীয় দফার লকডাউন জারি রয়েছে। বর্তমানে লকডাউনের জেরে মানুষের করোনা আতঙ্কের পাশাপাশি অর্থের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি। এইসবের মধ্যে করোনা সংক্রমন কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাকর্মী কেউই এর হাত থেকে নিষ্কৃতি পায়নি। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিআইএসএফ আধিকারিকের। জানা গিয়েছে তিনি কলকাতা জাদুঘরে কর্মরত ছিলেন।
কলকাতা মেডিকেল কলেজে মারা গেলেন অসিত কুমার সাহা নামে এই সিআইএসএফ আধিকারিক। তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
সূত্রের খবর, এই ঘটনার পর ওই ব্যারাকে থাকা আরো ৫০ জন সিআইএসএফ আধিকারিককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কলকাতা জাদুঘরে সমস্ত কর্মীকে কাজে আসতে বারণ করেছে কর্তৃপক্ষ। জাদুঘর এবং ওই সংলগ্ন ব্যারাকে এখন স্যানিটাইজেশনের কাজ চলছে। গত বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে কর্মরত সিআইএসএফের হেড কনস্টেবলের মৃত্যু হয়। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২জন সিআইএসএফ জওয়ানের মৃত্যু হল।





