রাজ্যজুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় ‘SIR’। নির্বাচনের আগে এই নতুন উদ্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ভোটার তালিকা যাচাই থেকে নাগরিকত্ব প্রমাণ— সব মিলিয়ে সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে ভয় ও অনিশ্চয়তা। বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের আশঙ্কা, যদি নাম বাদ যায়, তবে নাগরিকত্ব নিয়ে কী হবে? ঠিক এই সময়েই আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে SIR প্রক্রিয়া। এই উদ্যোগে ভোটার তালিকার তথ্য যাচাই, নাগরিকত্ব যাচাই প্রভৃতি হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাঁদের অভিযোগ, SIR আসলে NRC-র মতোই একধরনের নাগরিকত্ব যাচাইয়ের ফাঁদ। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক লড়াই আরও জোরদার হচ্ছে।
এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, “SIR নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি কারও নাম একবার বাদও পড়ে, নাগরিকত্ব পাওয়ার পর তাঁর ভোটার তালিকায় নাম আবার যুক্ত হবে।” তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা যদি আগে CAA (Citizenship Amendment Act)-এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেন, তাহলে পরবর্তীতে SIR নিয়ে তাঁদের কোনও সমস্যা হবে না।
তবে এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মতুয়া সমাজের একাংশ শান্তনু ঠাকুরের বক্তব্যে স্বস্তি পেলেও, অনেকে বলছেন— আশ্বাস নয়, প্রয়োজন বাস্তবিক পদক্ষেপের। তাঁদের দাবি, আগে CAA আইন পুরোপুরি কার্যকর করা হোক, তারপরই SIR শুরু করা উচিত। কারণ আবেদন প্রক্রিয়া শুরু হলেও এখনও বহু মানুষ নাগরিকত্ব পাননি।
আরও পড়ুনঃ TMC – BJP :‘ভবানীপুরে এবার মমতার পতন নিশ্চিত!’— শুভেন্দুর তোপে তোলপাড় বাংলা রাজনীতি, মুখ্যমন্ত্রীর ঘাঁটিতে ‘গেরুয়া ঝড়’-এর হুঁশিয়ারি, তৃণমূলের জবাব— “দেখা যাবে মাঠে নামলে কে কারে হারায়!”
তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপি আসলে ভোটের আগে মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতারা বলছেন, কেন্দ্র সরকারের নীতি স্পষ্ট— কোনও প্রকৃত শরণার্থী বঞ্চিত হবেন না। এখন নজর সবই SIR প্রক্রিয়ার দিকে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে, শান্তনু ঠাকুরের দেওয়া এই আশ্বাস কতটা বাস্তব রূপ নেয় এবং মতুয়া সম্প্রদায়ের উদ্বেগ কতটা দূর হয়।






