করোনা মোকাবিলায় এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রোগীদের হয়রানি কমাতে এবার বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের জন্য খালি শয্যার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করল রাজ্য সরকার। গত সপ্তাহে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নবান্নে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সেই বৈঠকেই রোগীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ২ দিনের মধ্যেই স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে শুরু হয়ে যায় এই প্রক্রিয়া। এবার থেকে প্রতিদিন সেখানে মিলবে শয্যা সংখ্যার সমস্ত আপডেট।
বেসরকারি হাসপাতালের কর্তাদের সাথে বৈঠকে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন মুখ্যসচিব। প্রথমত বেসরকারি হাসপাতালগুলি করোনা চিকিৎসার নামে মানুষের থেকে প্রচুর টাকা লুটছে। দ্বিতীয়ত, বেড থাকার পরও করোনা রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বৈঠকে সরকারের দাবি ছিল, কোন হাসপাতালে কত শয্যা ফাঁকা রয়েছে সে বিষয়ে তথ্য না থাকায় হাসপাতালে গিয়ে হয়রানির মুখে পড়ছেন করোনা রোগীরা। এমনকী বেড খালি থাকা সত্ত্বেও রোগী ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসেছে স্বাস্থ্য দফতরের কাছে।
এর পরই রোজ বেসরকারি হাসপাতালগুলিতে কতগুলো করে করোনা চিকিৎসার জন্য শয্যা খালি রয়েছে তা জানাতে নির্দেশ দেন মুখ্যসচিব। সেই নির্দেশ মেনেই গত শুক্রবার থেকে রোজ স্বাস্থ্য দফতরকে খালি শয্যার সংখ্যা আপডেট করতে শুরু করেছে হাসপাতালগুলি। রাজ্য সরকার সেই তথ্য রোজ ওয়েবসাইটে প্রকাশ করছে।
বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সুবিধা হবে সাধারণ মানুষের। একদিকে যেমন হাসপাতালে ভর্তি হতে গিয়ে ‘বেড নেই’ বলে ফিরতে হবে না তেমনই, শয্যা থাকলেও না থাকার বাহানা করে রোগী ফেরানোর সুযোগ থাকবে না হাসপাতাল কর্তৃপক্ষের। আর ফেরালেও তার ব্যাখ্যা দিতে হবে সরকারকে।
দেখে নিন আজকে কোন হাসপাতালে কতগুলি শয্যা খালি আছে।






