রাজনীতির মঞ্চে তিনি বহুবার বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এবার আলোচনার কেন্দ্রে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু কারণ রাজনীতি নয়—বরং এক ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে এখন জল্পনার অন্ত নেই। ভিডিওটি আদৌ সত্যি কিনা, তাতে দেখা ব্যক্তিই কি সত্যিই দিলীপ ঘোষ? এ নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।
একটি ঘরের ভিতরের দৃশ্য, একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে ধারণ করা, এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে থাকা পুরুষের মুখ, ভঙ্গি, আচরণ দেখে অনেকেই দাবি করছেন, তিনি নাকি দিলীপ ঘোষ। যদিও ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি, এবং ভিডিওটি যে এআই প্রযুক্তিতে তৈরি নয়, সেটাও নিশ্চিত নয়। দিলীপ ঘোষ বা তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার—কেউই এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি, ফোনে পাওয়া যায়নি তাঁদের কাউকেই।
যদি ভিডিওটি সত্যি হয়ে থাকে, তাহলে প্রশ্ন—এটা ফাঁস করল কে বা কারা? আবার যদি ভিডিওটি ভুয়ো হয়, তাহলে কে বা কারা দিলীপ ঘোষকে টার্গেট করল? অনেকের মতে, এই ঘটনা নিছক কুৎসা ছড়ানো নয়, বরং একপ্রকার রাজনৈতিক ব্ল্যাকআউট। দিলীপ ঘোষের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ যেন ক্রমশ তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছে। একসময় বঙ্গ বিজেপির প্রধান মুখ, তিনিই এখন বারবার অপমানিত ও উপেক্ষিত। কেন?
দীর্ঘদিন অবিবাহিত থেকে দলকে সময় দিয়েছেন যিনি, সেই দিলীপ ঘোষ হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় বিতর্ক শুরু হয়েছিল তখনই। তাঁর বিয়ের খবর ঘিরে যেমন দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, তেমনই বিয়ের পর স্ত্রীকে নিয়ে দীঘা ভ্রমণেও জলঘোলা হয়। এমনকি এক অনুষ্ঠানে তৃণমূল মন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য বিনিময়ও বিজেপির অন্দরে বিতর্কের জন্ম দেয়। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক আক্রমণের চক্র যেন থামছেই না।
আরও পড়ুনঃ Voter List Update: তালিকায় নাম থাকলেই নিশ্চিত নয় ভোট! নতুন নিয়মে বাদ যেতে পারেন আপনিও, জানেন কি কেন?
দলীয় সভাপতি নির্বাচনে তাঁকে আমন্ত্রণ না জানানো, প্রধান মঞ্চে জায়গা না পাওয়া, এমনকি নরেন্দ্র মোদীর সভাতেও তাঁর অনুপস্থিতি, সবই যেন স্পষ্ট ইঙ্গিত। দিলীপ ঘোষ কি বিজেপির প্রাসঙ্গিকতা হারাচ্ছেন? এমন জল্পনা আগেই ছিল। এবার ভাইরাল ভিডিও সেই জল্পনাকে আরও জোরালো করল। তবে বাস্তবটা কী? ভিডিওটি সত্যি নাকি সাজানো? দিলীপ ঘোষের বক্তব্য না পাওয়া পর্যন্ত উত্তর মিলছে না। কিন্তু এই ঘটনা যে তাঁর রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা হতে পারে, তা বলাই যায়।





