Recipe: আর নয় একঘেয়ে রান্না! এবার পুজোয় খুব সহজেই বানিয়ে ফেলুন রাজকীয় রেসিপি চিকেন মহারানী!

দূর্গাপূজা মানেই শুধু ভক্তি নয়, সঙ্গে থাকে সুস্বাদু খাবারের আনন্দও। এই বিশেষ সময়ে পরিবারের জন্য তৈরি করতে পারেন কিছু আলাদা, মুখরোচক ডিশ। ছোট থেকে বড়, সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি হলো চিকেন মহারানী। এটি দেখতে যেমন রাজকীয়, স্বাদে তেমনি অসাধারণ। সবচেয়ে ভালো কথা, বানাতে খুব বেশি সময় লাগে না, অথচ স্বাদে সকলকে মুগ্ধ করবে।

প্রথমে ৫০০ গ্রাম পরিষ্কার করা চিকেন নিন। মেরিনেশনের জন্য এতে ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ৪ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা এবং ১ চা চামচ কসৌরি মেথি দিয়ে ভালোভাবে মেখে ১.৫–২ ঘণ্টা রাখতে হবে। যত বেশি সময় মেরিনেট থাকবে, চিকেনের স্বাদ তত বেশি গভীর হবে। এ সময়ে মশলা তৈরি করুন। ১ টেবিল চামচ গোটা জিরা, ১ চা চামচ মৌরি, ২ টি শুকনো লঙ্কা এবং ১ চা চামচ গোটা ধনেকে কম আঁচে ভেজে নিন। ঠান্ডা হলে মিহি গুঁড়ো করে আলাদা রাখুন।

গ্রেভির জন্য ৩ টি কাঁচা লঙ্কা, ৬–৭ টি আখরোট এবং ৯–১০ টি কাজুবাদাম সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। একটি কড়াইয়ে ৪–৫ টেবিল চামচ ভেজিটেবল তেল গরম করুন। তাতে ১ টি তেজপাতা, ১ ইঞ্চি দারচিনি, ২ টি এলাচ ফাটানো এবং ৪ টি লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। গন্ধ বের হওয়ার সঙ্গে সঙ্গে কুচানো বড় পেঁয়াজ দিয়ে সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ২ টি মাঝারি পেঁয়াজ বাটা ও ১ টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজুন।

এবার মেরিনেট করা চিকেন, স্বাদমতো লবণ এবং ১/৪ চা চামচ চিনি দিয়ে ১০ মিনিট কষান। এরপর ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে কম আঁচে ৫–৭ মিনিট ঢেকে রাখুন। এরপর গ্রেভি পেস্ট ও অর্ধ কাপ দুধ যোগ করে আবার ৫–৭ মিনিট রান্না করুন। চিকেন সিদ্ধ হয়ে গেলে ১/২ কাপ গরম জল মিশিয়ে ঝোল মাখা-মাখা করুন। শেষ ধাপে কসৌরি মেথি এবং ভাজা মশলার গুঁড়ো দিয়ে আরও ১ মিনিট রান্না করুন।

আরও পড়ুনঃ Santosh Mitra Sqaure Durga Puja:সন্তোষ মিত্র দুর্গাপুজোতে থিম নিয়ে বিতর্ক, পুজো বন্ধ হওয়ার আভাস!

শেষে কুচানো ধনেপাতা ছিটিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। গরম গরম চিকেন মহারানী পরিবেশন করুন রুটি, পরোটা বা নানের সঙ্গে। এই রাজকীয় স্বাদের চিকেন পুজোর দিনে আপনার টেবিলে সকলকে মুগ্ধ করবে। প্রতিটি কামড়ে থাকবে সমৃদ্ধ স্বাদ, সুগন্ধি মশলা এবং কোমল চিকেন, যা সহজেই দূর্গাপূজার আনন্দকে আরও বিশেষ করে তুলবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles