সোমবার থেকেই বাড়ছে মেট্রো সংখ্যা। গত রবিবার পর্যন্ত মেট্রো সংখ্যা ছিল ২০৪টি, এখন তা বেড়ে হল ২১৬টি। এর জেরে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে আনা যাবে। মেট্রোর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত সময়েও কমছে অন্তর। এখন থেকে সাত মিনিট অন্তরই পাওয়া যাবে ট্রেন পরিষেবা। আর সঙ্গে আরও ওয়েক সুখবর মিলেছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগামী রবিবার থেকে ই-পাস ছাড়াই পুরুষ যাত্রীরাও দিনভর মেট্রোয় যাতায়াত করতে পারবেন।
এরই সঙ্গে মেট্রো পরিষেবাও আগের মতোই চালু থাকবে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এখন বয়স্ক মানুষ, মহিলা ও ১৫ বছরের নীচে শিশু ও কিশোরদের সারাদিনই কোনও ই-পাস লাগছে না মেট্রোয় যাতায়াতের জন্য। পুরুষদের ক্ষেত্রে সকালে ৭টা থেকে সাড়ে ৮টা ও রাতে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোয় ই-পাসের বিধিনিষেধ আর থাকছে না।
মেট্রো সূত্রের খবর অনুযায়ী, আনলক পর্বে বিভিন্ন বিধিনিষেধ রেখে চালু হয় মেট্রো পরিষেবা। যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় ই-পাস তুলে দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আগামী জানুয়ারি মাস থেকে এই ব্যবস্থা পাকাপাকিভাবে তুলে নেওয়ার কথাও বলা হচ্ছে। বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের ক্ষেত্রে ই-পাস ডাউনলোডের ঝামেলা না থাকায় যাত্রী সংখ্যা সামান্য বেড়েছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, এখন স্কুল, কলেজ বন্ধ থাকায় এমনিতেও মেট্রোয় যাত্রীসংখ্যা কম। ফলে ধীরে ধীরে আবার আগের পরিস্থিতি ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে। এও জানা গিয়েছে, এখন মেট্রোয় বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের জন্য ই-পাসে ছাড় দেওয়ায় দৈনিক যাত্রী গড়ে ১৫ হাজার মতো বৃদ্ধি পেয়েছে। আগামী সপ্তাহ থেকে ই-পাস তুলে দিলে তা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।





