ফের উদ্ধার সক্রিয় বিজেপি কর্মীর দেহ, পিসি-ভাইপো মিলে একের পর এক খুন করাচ্ছে, আক্রমনাত্মক রাজু ব্যানার্জি

ক্ষমতা দখলের বাংলায় ফের খুন সক্রিয় বিজেপি কর্মী। ‌‌পূর্বস্থলী থেকে উদ্ধার হয় দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার সকাল থেকে উত্তপ্ত পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা।
রাজ্যের শাসকদল তৃণমূলকে অভিযুক্ত বলে দাগিয়ে কালনা-কাটোয়া রাজ্যসড়কে অবরোধে শামিল রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমান। কালনা-কাটোয়া রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখায় বিজেপি কর্মীরা। জ্বালানো হয় টায়ার।
পূর্বস্থলীতে পথে বসে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “পিসি-ভাইপো ক্ষমতায় টিকে থাকতে একের পর এক খুন করাচ্ছে। এভাবে চলতে পারে না। এই গুণ্ডারাজ আমরা শেষ করবই।” এরপর মন্ত্রী স্বপন দেবনাথকে মাফিয়া বলে‌ও কটাক্ষ করেন তিনি।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। ওইদিন বিকেলে গেরুয়া শিবিরের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার ৩৮ নং মণ্ডলের সক্রিয় বিজেপি কর্মী, চাঁদপুরের বাসিন্দা শুকদেব। চাঁদপুর থেকে জামালপুর পর্যন্ত মিছিল করে বাড়ি ফেরেন তিনি। সন্ধের পর ফের বাড়ি থেকে বেরোন তিনি।
এরপর থেকেই নিখোঁজ ছিলেন শুকদেব বাবু। তারপর হঠাৎই গতকাল রবিবার দুপুরে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর তা শুকদেবের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে শুকদেবের। তবে পুলিশের কথাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাঁদের অভিযোগ,  পরিকল্পনামাফিক তৃণমূলই খুন করেছে শুকদেবকে।
তবে বিজেপির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে তৃণমূল শিবির।

আরও অন্যান্য খবর