সাতসকালে কলকাতার নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, ভস্মীভূত গোটা গোডাউন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সকাল সকাল খারাপ খবর। সাতসকালেই কলকাতার নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন। দক্ষিণ কলকাতার কুঁদঘাট এলাকার বাবুরাম ঘোষ রোডের এক প্রযোজনা সংস্থার গোডাউনে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুনের সূত্রপাত বলে খবর। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। তবে ততক্ষনে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। প্রাথমিকভাবে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। দাহ্য পদার্থ ভর্তি ওই গোডাউনের কাছে রয়েছে একটি আবাসন। আতঙ্কে আবাসন থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন। তবে বড়সড় বিপদের আশঙ্কায় ইতিমধ্যে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে।

ওই গোডাউনের পাশেই রয়েছে একটি বস্তি। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বস্তির বাসিন্দারা। তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশের আবাস্ন থেকেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পাশের বস্তিবা আবাসনে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, সেই চেষ্টাই করেন দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, এখনও পকেট ফায়ার রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, “স্থানীয় মানুষ আমাকে ফোন করেন। খবর পেয়ে আসি। স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলও আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছুটা এলাকায় আগুন রয়েছে”। তাঁর কথায়, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। এই গোডাউনটি একটি নামী প্রযোজনা সংস্থার। ফিল্ম থেকে শুরু করে রিল, ক্যামেরা, ট্রাইপড নানান দামী সামগ্রী ছিল সেখানে। এই আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

RELATED Articles