লাগাতার আত্মহত্যা! এবার যাদবপুরের বিক্রমগড় এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত বছর ২৩-এর এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গত চারদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছিল না ওই তরুণীকে। মঙ্গলবার রাতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ দেখতে পায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে বছর ২৩-র ওই তরুণী। গোটা শরীরেই পচন ধরে গিয়েছে।
ঘটনাটি চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যাদবপুরের বিক্রমগড় এলাকায়। মৃত ওই তরুনীর নাম পল্লবি কর্মকার। তিনি আদতে নিউটাউনের বাসিন্দা। তবে যাদবপুরের বিক্রমগড় এলাকায় একটি ফ্ল্যাটের চারতলায় ভাড়াটে হিসেবে থাকতেন ওই তরুণী। মাসে ৭ হাজার টাকা ফ্ল্যাট ভাড়াও গুণতেন। ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে যাদবপুর থানার পুলিশ।নিম্নবিত্ত পরিবারের এই তরুণী এক জায়গায় সেলাইয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে।
পরিবারের অবস্থা ভালো নয়। বাবা মারা গিয়েছেন। বাড়িতে রয়েছেন মা আর ভাই। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে শেষ বারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল পল্লবিকে। তারপর থেকে ফ্ল্যাটের সদর দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটে এক যুবকের যাতায়াত ছিল। তাঁর সঙ্গে পল্লবির ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। বাড়িতে পুরুষ বন্ধুরা আসা যাওয়া করত, ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারী কর্তারা।
পল্লবির এক মাসির মেয়ের কথায় ‘ওর বয়ফ্রেন্ড রয়েছে জানি। সম্ভবত লিভইন করত তারা।’ যাদবপুর থানা সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই তরুণী শেষ কার কার সঙ্গে ফোনে কথা বলেছেন সেই কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে।






