চূড়ান্ত রিপোর্ট মেলেনি, পিছিয়ে গেল টালা ব্রিজ উদ্বোধন, পুজোর আগে কী নতুন টালা ব্রিজ উপহার পাবেন শহরবাসী? কী জানালেন ফিরহাদ হাকিম

পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধন। উত্তর কলকাতা সংযোগকারী এই ব্রিজ উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ২৪শে সেপ্টেম্বর। কিন্তু এখনও এই ব্রিজ সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট মেলেনি। এই কারনে টালা ব্রিজের উদ্বোধন পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

চূড়ান্ত রিপোর্ট না মেলায় তা ব্রিজ নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার। এই কারণে ২৪শে সেপ্টেম্বরের বদলে টালা ব্রিজের উদ্বোধন হবে আগামী ২৯শে সেপ্টেম্বর। ফিরহাদ হাকিম জানান যে উদ্বোধনের পর প্রথমের দিকে শুধু হালকা গাড়িই চলবে টালা ব্রিজে। ধীরে ধীরে পরিস্থিতি বুঝে ভারী যান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন টালা ব্রিজ তৈরির পর তা পরীক্ষানিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা বিশেষজ্ঞ কমিটির। ব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার পর জানানো হয়েছিল যে ২৪শে সেপ্টেম্বর টালা ব্রিজ খুলে দেওয়া হবে। কিন্তু আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে ব্রিজ নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিতে দিতে ২৭ বা ২৮শে সেপ্টেম্বর হয়ে যাবে। সেই কারণে ২৯শে সেপ্টেম্বর ব্রিজ উদ্বোধনের সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম।

উল্লেখ্য, ২০১৮ সালে যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে, সেই সময় পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে শহরের নানান সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সময় টালা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হলে সেই ব্রিজকে পুরো ভেঙে ফেলে নতুন করে গড়ার কথা জানান বিশেষজ্ঞরা।

সেই মতো টালা সেতু ভেঙে নতুন করে ফের তৈরি করা হল। ২০২০ সালের নভেম্বর মাসে নতুন মাঝেরহাট সেতুর উদ্বোধন হয়। সেই সময়ও সাত দিনের জন্য নতুন সেতুর উপর যান চলাচলে নিয়ন্ত্রণ রেখেছিল কলকাতা পুলিশ-সহ পূর্ত দফতর। আর এবার টালা ব্রিজের জন্যও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আগে কথা ছিল যে মহালয়ার আগের দিন অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর উদ্বোধন হবে টালা ব্রিজের। কিন্তু তা এখন পিছিয়ে গেল। যদিও শহরবাসীর কাছে এটা আশ্বস্তের যে পুজোর আগে খুলে যাচ্ছে টালা ব্রিজ। পুজোর আগে এই ব্রিজ চালু হয়ে গেলে উত্তর কলকাতার পুজো পরিক্রমাতে অনেকটাই সুবিধা হবে শহরবাসীর।

RELATED Articles