বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যুতে বিজেপি রাজ্য সভাপতি-সহ দলের কর্মীদের বিরুদ্ধেই মামলা দায়ের কালীঘাট পুলিশের

মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যুকে ঘিরে তুলকালাম কাণ্ড রাজ্য রাজনীতিতে। এর জেরে বিজেপি নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের আরও কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে পুলিশ। অভিযোগ রাস্তা অবরোধ ও পুলিশের কাজে বাধা দেওয়া।

রাজ্যে ভোট গণনার দিন আক্রান্ত হন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর গত বুধবার ঠাকুরপুকুর হাসপাতালে বেলা সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবারের অভিযোগ, মানস সাহাকে খুন করা হয়েছে। তাঁর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থক। তাঁর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান তারা।

মানসবাবুর মৃতদেহ নিয়ে গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সাংসদ অর্জুন সিং, ও দলের অন্যান্য নেতা-কর্মীরা। ভবানীপুরের রাস্তায় মৃত বিজেপি প্রার্থীর মরদেহ রেখে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতারা।

আরও পড়ুন- বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির রাজ্য সভাপতি, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি 

পুলিশ তাদের টেনে তোলে। এর জেরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল এই বিক্ষোভের জেরে থমকে যায় রাস্তা। যানজটের সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে এক প্রস্থ ঝামেলা হয় সেখানে। ধ্বস্তাধস্তিও হয়। এই ঘটনাতেই পুলিশ মামলা দায়ের করতে চলেছে।

এদিন বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর সেখান থেকে মৃতদেহ সরায় পুলিশ। এরপর বিজেপি নেতারা বিজেপি প্রার্থীর মরদেহ নিয়ে দাহকার্যের জন্য রওনা দেন।

বিজেপি প্রার্থীর এই মৃত্যুর ঘটনার তদন্ত করতে তৎপর সিবিআই। তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছিল কী না? পুলিশের কী ভূমিকা ছিল? কেউ গ্রেফতার হয়েছিল কী না? এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখে মামলা করতে চান সিবিআই আধিকারিকরা।

আরও অন্যান্য খবর