Khagen Murmu: বিজেপি সাংসদের উপর নৃশংস হামলা! রক্তাক্ত খগেন মুর্মু ICU-তে, হাসপাতালেই পৌঁছলেন রাজ্যপাল ও শুভেন্দু অধিকারী!

উত্তরবঙ্গের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য, নাগরাকাটার বামনডাঙায় পরিদর্শনে গিয়ে আহত হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিপর্যস্ত এলাকার পরিস্থিতি দেখতে গিয়ে সোমবার দুপুরে আকস্মিকভাবে ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। উপস্থিত সূত্রে জানা যায়, সাংসদ ও বিধায়ক দু’জনকেই লক্ষ্য করে শুরু হয় বিক্ষোভ ও হামলা। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে প্রাথমিকভাবে কীভাবে এমন আক্রমণ ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ পৌঁছেছিলেন বামনডাঙায়। অভিযোগ, তাঁদের গাড়ি ঘিরে ধরে স্থানীয় কয়েকজন ‘দিদির সৈনিক’—এরপরই শুরু হয় পাথর ও ইটবৃষ্টি। রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে কাতরাচ্ছিলেন সাংসদ। শঙ্কর ঘোষ ফেসবুক লাইভে দেখান সেই ভয়াবহ দৃশ্য—চোখের নীচ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে তাঁর পাঞ্জাবি। একের পর এক কাচ ভাঙার শব্দে আতঙ্কে ছড়িয়ে পড়ে ভিড়।

গুরুতর জখম অবস্থায় খগেন মুর্মুকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ICU-তে ভর্তি আছেন। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, সাংসদের চোখের নীচের হাড়ে ফাটল ধরা পড়েছে, নাকের শিরাও ফুলে গিয়েছে। এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে চোখের নিচের হাড়ে স্পষ্ট চোট। বিজেপি শিলিগুড়ির অফিসিয়াল ফেসবুক পেজে সেই এক্স-রে প্লেটও প্রকাশ করা হয়েছে, যেখানে আঘাতের স্থান ব্যাখ্যা করা হয়েছে বিস্তারিতভাবে। যদিও ভিডিও ও এক্স-রে প্লেটের সত্যতা যাচাই করেনি খবর ২৪×৭।

খগেন মুর্মুর শারীরিক অবস্থার খবর পৌঁছেছে দিল্লি পর্যন্ত। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজে ফোন করে তাঁর অবস্থা জানতে চান। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও যোগাযোগ করেন চিকিৎসকদের সঙ্গে। তিনি জানিয়েছেন, প্রয়োজনে সাংসদকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি AIIMS-এ নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মঙ্গলবার তাঁকে দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুনঃ Bihar : অবশেষে বিহার ভোটের তারিখ জানাল নির্বাচন কমিশন কবে হবে ভোট এবং ফলপ্রকাশ?

সাংসদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে সোমবার রাতেই হাসপাতালে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে খগেন মুর্মু স্থিতিশীল আছেন, তবে চোটের জায়গায় ফুলে যাওয়া এবং ব্যথা অব্যাহত রয়েছে। চিকিৎসক দল নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—এই ঘটনার তদন্ত কোন দিকে গড়ায় এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় প্রশাসন?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles