এবছর দুর্গাপুজো যেন অন্যান্য বারের থেকে একটু আলাদা। নানান অভিনব থিম দেখা যাচ্ছে নানান মণ্ডপে। সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরে থিম বানানো হয়েছে কিছু মণ্ডপে। একদিকে যেমন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে দুর্গা প্রতিমা, তেমনই অন্যদিকে আবার রয়েছে ক্রিশুক আন্দোলনকে থিম করে জুতো দিয়ে মণ্ডপ, যা নিয়ে বিতর্ক চলছে ঢের।
আর এবার সামনে এল আরও এক থিম। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে ‘খেলা হবে’ স্লোগান খুব ভাইরাল হয়। মানুষের মুখে মুখে ঘুরছিল এই স্লোগান। আর তাই এবার এই ‘খেলা হবে’-কেই থিম করা হল এক পুজো মণ্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়েরই এক মণ্ডপে করা হয়েছে এই থিম।
সদ্য উপনির্বাচন হওয়া ভবানীপুরে নিজের আগেকার রেকর্ড ভেঙে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানকার ভবানীপুর দুর্গোৎসব কমিটির তরফে এবারে থিম করা হয়েছে ‘খেলা হবে’। এই পুজো মণ্ডপের বাইরেও থিম পোস্টারে দেখা গেল নীল-সাদা শাড়িতে ব্যান্ডেজ বাঁধা পা দিয়ে ফুটবলে কিক মারার এক কার্টুনচিত্রও।
পুজো মণ্ডপটি সাজানো হয়েছে একটি ফুটবল মাঠের মতো করে। রয়েছে গোলপোস্টও। মাঠে রাখা কয়েকটি ফুটবল। খেলা সংক্রান্ত নানান আঁকা সাজানো রয়েছে মণ্ডপে। এই থিম প্রকাশ্যে আসতেই বেশ হইচই পড়ে গিয়েছে। এই পুজো মণ্ডপের শিল্পী সৌমেন ঘোষ বলেন, “খেলা হবে স্লোগান এখন ভারত বিখ্যাত। তাই আমরা এই থিমটাকেই বেছে নিয়েছি”।
একুশের বিধানসভা নির্বাচনের সময় স্বয়ং তৃণমূল নেত্রীও স্লোগান তুলেছিলেন ‘খেলা হবে’। তৃতীয়বার নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় ফিরেছেন মমতা। তবে এই ‘খেলা হবে’ থিম নিয়ে পুজো মণ্ডপ তৈরি হতেই বেশ আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতেও।





