কলকাতায় আবারও দেখা দিল কলেরা। এইবার আক্রান্ত একটি মাত্র চার বছরের শিশু। বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা ওই ছোট্ট মেয়েটিকে তড়িঘড়ি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, বমি আর পেটে ব্যথা—এসব উপসর্গ নিয়েই তাকে আনা হয়েছিল। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন ডায়েরিয়ার সমস্যা, কিন্তু পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যায়—এটি কলেরা।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, শিশুটিকে এখন আইসিইউতে রাখা হয়েছে এবং সব রকম চিকিৎসা চলছে ‘মেডিক্যাল প্রোটোকল’ মেনে। তবে কীভাবে ওই মেয়েটির শরীরে কলেরার জীবাণু ঢুকল, তা এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে। মনে করা হচ্ছে, জল বা খাবারের মাধ্যমেই জীবাণু সংক্রমণ হয়েছে।
কলেরা মূলত জলবাহিত সংক্রামক রোগ। তাই আবার নতুন করে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এর আগেও, জুলাইয়ের ৭ তারিখে একই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন এলাকার এক যুবক। সেখানেও পরবর্তী পরীক্ষায় ধরা পড়ে কলেরা।
বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে শহরে কলেরা সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে কমেছে, কিন্তু একেবারে বাদ যায়নি। গত বছরও এমন কিছু ঘটনা সামনে এসেছিল যেখানে বর্ষার সময়ে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রোগ নিয়ে।
আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘সেনা মার খেয়েছে, জমি দখল করেছে চিন’—রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, উঠল বিশ্বাসযোগ্যতার প্রশ্ন!
এই মুহূর্তে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকেরা বাড়তি সতর্কতা নিচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং সচেতনতা বাড়ানো। কারণ, একবার সংক্রমণ ছড়ালে দ্রুতই বড় আকার নিতে পারে এই রোগ। শহরবাসীকে তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





