দ্রুতগতির শহুরে জীবনে প্রতিদিন হাজার হাজার মানুষ নির্ভর করছেন Kolkata Metro-র উপর। শহরের ব্যস্ত রাস্তাকে পাশ কাটিয়ে আরামদায়ক যাতায়াতের জন্য মেট্রো এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু যাত্রী সংখ্যা যত বাড়ছে, ততই গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। আর সেই কারণেই এবার মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের জন্য জারি করেছে একগুচ্ছ নতুন নিয়ম। বিশেষ করে কী কী জিনিস সঙ্গে নিয়ে মেট্রোয় ওঠা যাবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যাত্রীরা অজান্তেই এমন কিছু জিনিস ব্যাগে করে নিয়ে আসছেন, যা মেট্রোয় বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযথা বিতণ্ডার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা কমাতেই বিভিন্ন স্টেশনে টাঙানো হয়েছে নিষিদ্ধ সামগ্রীর তালিকা। কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম না মানলে শুধু জিনিস বাজেয়াপ্তই নয়, দিতে হতে পারে মোটা জরিমানাও।
এই তালিকায় রয়েছে বেশ কিছু দৈনন্দিন ব্যবহার্য জিনিসও, যা অনেকেই ভাবতেই পারেন না নিষিদ্ধ হতে পারে। যেমন কাঁচা মাংস, মাছ, মদ বা চারাগাছ পর্যন্ত মেট্রোয় বহন করা যাবে না। অনেকেই বাজার করে ফেরার পথে এগুলো সঙ্গে নিয়ে ওঠেন, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এগুলো বহন করা আইনত অপরাধ। ফলে যাত্রীদের এখন আরও সতর্ক থাকতে হবে, কী নিয়ে তাঁরা মেট্রোয় উঠছেন।
এছাড়াও ধারালো অস্ত্র বা বিপজ্জনক সরঞ্জাম নিয়ে ওঠার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। তালিকায় রয়েছে বড় ছুরি, কাঁচি, তরবারি থেকে শুরু করে হাতুড়ি, শাবল, করাত, স্ক্রু ড্রাইভার পর্যন্ত। বিশেষ করে যাঁরা রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের ব্যাগে এই ধরনের জিনিস থাকতেই পারে। কিন্তু মেট্রোতে ওঠার আগে সেগুলি অবশ্যই বাইরে রাখতে হবে, নইলে নিরাপত্তা চেকিংয়ে আটকে যেতে পারেন।
আরও পড়ুনঃ West Bengal assembly election 2026 : বিজেপির প্রার্থী অভয়ার মা! তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও নারী সুরক্ষার দাবিতেই কি এই সিদ্ধান্ত নিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা?
সবচেয়ে কড়া নজর দেওয়া হচ্ছে দাহ্য এবং বিস্ফোরক পদার্থের উপর। পেট্রোলিয়ামজাত দ্রব্য, স্পিরিট, আতশবাজি, গান পাউডার কিংবা অন্য কোনও বিপজ্জনক রাসায়নিক বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মগুলি মূলত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে। তাই ঝামেলা এড়াতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মেট্রোয় ওঠার আগে একবার নিজের ব্যাগ চেক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।






