নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়িয়ে এবার কলকাতার বুকে কমতে চলেছে বাসের সংখ্যা। এমনিতেই লকডাউনের পর অফিস যেতে বাসের দুর্ভোগ তার ওপর আরও কমছে বাসের সংখ্যা। বাসমালিকরা বারবার বাসের ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন কিন্তু এই মুহূর্তে ভাড়া বাড়ানো অসম্ভব বলে জানানো হয়েছে সরকারের তরফে। অন্যদিকে ভাড়া না বাড়ায় রাস্তা থেকে বাস তুলে নিতে শুরু করেছে বাস কর্তৃপক্ষ। যার চলতে কলকাতা ও শহরতলির এলাকায় মোট ৪০ শতাংশ রুটের বাসই বন্ধ হয়ে যাবে।
শনিবার বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসে রেগুলেটরি কমিটি। সেখানে গত ১৯ দিনে বাস চালিয়ে মালিকদের কত আয় হয়েছে তা জানতে চান কমিটির সদস্যরা। বৈঠক শেষে বাসমালিকরা জানান, রাজ্য সরকার এই মুহূর্তে বাসের ভাড়া বাড়াতে নারাজ। তাদের বক্তব্য, লোকাল ট্রেন চললেই বাড়বে যাত্রীসংখ্যা। তাই এই মুহূর্তে ভাড়া বাড়ানোর দরকার নেই।
ওদিকে মালিকদের দাবি, লকডাউনের জন্য প্রায় ৩ মাস রাস্তায় নামেনি কোনো বাস। যার জন্য বাসগুলিকে রাস্তায় নামানোর আগে তার মেরামতি করতে হয়েছে। পাশাপাশি নিত্য বেড়েই চলেছে তেলের দাম। এই পরিস্থিতিতে ঘরের টাকা খরচ করে বাস চালাতে হচ্ছে তাঁদের। তাই বাসমালিকদের দাবি, সরকার ভাড়া বৃদ্ধিতে সায় না দেওয়ায় ইতিমধ্যে কলকাতাসহ ও শহরতলিতে ৪০টি রুটে বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হচ্ছেন তাঁরা।





