হাতে মাত্র কিছু বছর, এরপরই জলের তলায় ডুবে যাবে কলকাতা, কেউ কী রেহাই পাবে?

ধরুন ময়দানের যে সবুজ ঘাসের উপর বসে আপনি ঘণ্টার পর ঘণ্টা ধরে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকেন, সেই ময়দান চলে গেল জলের নীচে। বা ধর্মতলা থেকে বাস ধরার বদলে ধরতে হচ্ছে লঞ্চ, তাহলে? শুনে এমন কথা কল্পনা মনে হলেও, এই কল্পনা কিন্তু বাস্তবায়িত হতে খুব বেশি নেই। হাতে রয়েছে মেরেকেটে ৬-৭ বছর। এরপরই বিশ্বের সব তাবড় তাবড় শহরগুলির সলিল সমাধি হবে। এই তালিকায় রয়েছে কলকাতা।

কে জানাল এমন কথা?

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী নবারুণ ঘোষ জানাচ্ছেন, বিশ্বের সব জায়গার তাপমাত্রা বাড়ছে। বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে চলেছে হু হু করে। নানান বিজ্ঞানীরাই বলে দিচ্ছেন কোন জায়গা কবে কীভাবে জলে ডুবে যাবে। কোনও জায়গা ২০ বছর, কোনও জায়গা ৩০ বছর সময়। ২০৩০-এর মধ্যে যদি কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ডুবে যাবে একাধিক শহর। এই তালিকায় রয়েছে কলকাতা ও মুম্বই। এছাড়াও, এই তালিকায় আছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিয়েতনামের হো চি মিন, ইতালির ভেনিস থেকে নেদারল্যান্ডের আমস্টারডাম।

কিন্তু কেন হবে এমনটা?

এর কারণ হিসেবে উঠে আসছে বিশ্ব উষ্ণায়ণ। বিশেষজ্ঞদের মতে, হিমবাহ গলে ক্রমশ সমুদ্রের জলস্তর বাড়ছে। কয়েক বছরেই কয়েক ফুট পর্যন্ত সমুদ্রের জলতল বেড়ে যাবে। সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে। এমন হলে উপকূলীয় শহরগুলির জন্য মারাত্মক ক্ষতি হবে।  নবারুণ ঘোষ বলছেন, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে দিনদিন। কমছে অক্সিজেন। বরফের স্তর গলছে। হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত। আর এর জেরেই ঘনিয়ে আসছে মহাবিপদ।

আগামী কয়েক বছরের মধ্যে যে শহরগুলি জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই তালিকার উপরের দিকেই রয়েছে কলকাতা। কিন্তু কলকাতা সমুদ্রের কাছাকাছি নয়, তাও কেন ডুববে এই শহর? ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, কলকাতার উপর লোড ডিস্ট্রিবিউশন বাড়ছে। এর ফলে শহরের মাটি বসে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গঙ্গার জলতলের উচ্চতার থেকে কলকাতার শহরের উচ্চতা মাত্র আধ মিটার বেশি। ভবিষ্যতে যদি সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ে, তাহলে গঙ্গার জলতলও বাড়বে। এর ফলে শহরের পথঘাটে প্রতিদিন জোয়ারের জল ঢুকবে। এর জেরেই ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাবে তিলোত্তমা।

RELATED Articles