শীতের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করেছিলেন? ১২ দিনের জন্য একাধিক ট্রেন বাতিল করল রেল, প্ল্যান ভেস্তে যাওয়ার আশঙ্কা

রেলের থার্ড লাইনে চলবে কাজ। সেই কারণে আগামী ৯ থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব রেল। এমনকি, কিছু ট্রেনের গতিপথ ও সময়সূচীরও পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে খবর, চাতরা ও মুরারই স্টেশনের মাঝে চলবে থার্ড লাইন সম্প্রসারণের কাজ, সেই কারণেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, এই ১২ দিন ওই শাখায় নন ইন্টারলকিংয়ের কাজ হবে। এর ফলে এই ১২ দিন কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে আর কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১১ জোড়া মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনকে বাতিল করা হচ্ছে।

যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • আপ হাওড়া মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • হাওড়া জয়নগর এক্সপ্রেস
  • হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
  • হাওড়া গয়া এক্সপ্রেস
  • সাহেবগঞ্জ রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল,
  • আজিমগঞ্জ রামপুরহাট স্পেশাল
  • রামপুরহাট আজিমগঞ্জ মেমু স্পেশাল
  • রামপুরহাট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  • রামপুরহাট সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  • রামপুরহাট বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল আপ এবং ডাউন

যে ট্রেনগুলি ঘুরপথে যাবে, সেগুলি হল-

রেল সূত্রে খবর, ২১টি আপ ট্রেন ও ২১টি ডাউন ট্রেন ঘুরপথে যাতায়াত করবে। এর মধ্যে রয়েছে-

  • হাওড়ার রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
  • হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • শিয়ালদহ মালদহ টাউন গৌড় এক্সপ্রেস
  • শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
  • কলকাতা বালুরঘাট এক্সপ্রেস
  • শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

নির্ধারিত দিনের বদলে অন্যদিন ছাড়বে একাধিক ট্রেন

রেল সূত্রে খবর, দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস এবং মালদহ টাউন সুরাট এক্সপ্রেস নির্ধারিত দিনের বদলে অন্যদিন ছাড়বে। শিয়ালদহ-কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল করার কথা ভাবা হয়েছিল, তবে উত্তরবঙ্গে পর্যটকদের চাপ থাকার কারণে ওই ট্রেন ঘুরপথে চালানো হবে। রেল আধিকারিক সূত্রে খবর, বুধবার হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস স্পেশাল ট্রেন হিসাবে চালানো হবে ঠিকই তবে যাত্রী ভাড়া একই থাকবে।

আরও অন্যান্য খবর