সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। যতই নির্বাচন এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনার পারদ যে ক্রমেই বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আজ, বুধবার কলকাতার রাস্তায় রয়েছে মেগা মিছিল। একদিকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধর্না মঞ্চ থেকে একটু দূরেই সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দুপুরে মিছিল রয়েছে বিজেপির (BJP) আবার দুপুর গড়ালেই রাজপথে নামবে বামেরা (CPM)।
আজ, বুধবার আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিরাপত্তার জন্য যুগ্ম পুলিশ কমিশনার উপস্থিত থাকবেন। থাকবে বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের শহিদ মিনারের সভার জন্য মোতায়েন করা থাকছে একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসার। থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার একজন অফিসার, ২ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, ৪ জন ডিসি। এছাড়াও ৫০০-র বেশি পুলিশ মোতায়েন থাকছে।
পুলিশ সভাস্থলে ৩০ টি সিসিটিভি ক্যামেরা লাগাবে। এছাড়া আরও বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো হবে আয়োজকদের তরফে। অন্যদিকে, ডিএ-র ধরনা মঞ্চে থাকছেন ডিসি পদমর্যাদার অফিসার একজন। এছাড়াও শহিদ মিনারে মোতায়েন থাকবে বেশ কিছু পুলিশ।
শহরের নানান প্রান্ত থেকে সভাস্থলের দিকে গাড়ি যাবে। সকাল থেকেই সমর্থকরা জড়ো হওয়া শুরু করবেন। ধর্মতলা থেকে গান্ধীমূর্তির দিকে যেতে ট্রাফিকের উপর চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। গাড়ির চাপ থাকলেও, ট্র্যাফিক যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে লক্ষ্য রাখা হবে।
দুপুরে বন্ধ হতে পারে শ্যামবাজার। সেখানে রয়েছে গেরুয়া বাহিনীর কর্মসূচি। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে বিজেপির কর্মসূচি রয়েছে। গাড়ি বন্ধ না হলেও দুপুরের দিকে রাস্তার একাংশ বন্ধ করা হবে যাতে যানজট না হয়।
এদিন পথে নামছে বামেরাও। বুধবার বিকেলে লাল বাহিনীর মিছিল এগোবে রামলীলা ময়দান থেকে মৌলালির দিকে। মিছিল শেষ হবে মল্লিক বাজার হয়ে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট পার করে লেডি ব্র্যাবর্ন কলেজের সামনে। এর জেরে দুপুরের পর থেকে ওই সময় গাড়ি চলাচলের ক্ষেত্রে চাপ বাড়বে মৌলালী, মল্লিক বাজার ও পার্ক সার্কাসে।






