‘ডেডলাইন ওভার’! কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দু’দিনের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, মিলবে বকেয়া টাকা?

ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। কিন্তু ডেডলাইন শেষ হলেও পূরণ হয়নি দাবীদাওয়া। ফলে কথা অনুযায়ী এবার দু’দিনের ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার রেড রোডে আম্বেদকরের মূর্তির কাছেই ধর্নায় বসবেন তিনি।  

জানুয়ারির শেষের দিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তোপ দেগে বকেয়া টাকা মেটানোর দাবী জানিয়ে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যার পরিষেবা প্রদানের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, “১ তারিখ (ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করব। সাতদিন সময় দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও”।

এরই সঙ্গে তাঁর হুঁশিয়ারি  ছিল, “মানুষ ঘর পাবে না। কাজের পারিশ্রমিক পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব”। সেই ডেডলাইন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ‘ওভার’। কিন্তু দাবী মেনে নেওয়া হয়নি। সেই কারণে প্রতিশ্রুতি অনুযায়ী দু’দিনের ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। রেড রোডে বঞ্চিতদের সভা থেকেই বিজেপির বিরুদ্ধে বার্তা দেবেন তিনি। ধর্না মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের অন্যান্য নেতারাও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নার জন্য আগামী তিনদিন সমস্ত অবস্থান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে শহিদ মিনারের কাছে অবস্থানে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে আপাতত তিনদিন তাদের অবস্থানে বসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে খবর। চাকরিপ্রার্থীরাও কোনও আপত্তি জানান নি এই সিদ্ধান্তে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে কেন্দ্রের নানান বঞ্চনার বিরুদ্ধে মমতার এই ধর্না যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। মমতার দলকে এই কর্মসূচি বাড়তি অক্সিজেন জোগাতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই ধর্না সেরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার উড়ে যাবেন দিল্লির পথে। সেখানে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’-এর বৈঠকে যোগ দেবেন তিনি। দিল্লিতে গিয়েও তিনি বকেয়া ইস্যু নিয়ে সরব হন কী না, এখন সেটাই দেখার।

RELATED Articles