Fire incident : মধ্যরাতে আগুনে ভস্মী*ভূত বিরাটি যদুবাবু বাজার, পুড়ে ছাই প্রায় ২০০ দোকান!

বিরাটি স্টেশন সংলগ্ন যদুবাবু বাজার—দিনভর ভিড়, রাত নামলেই নিস্তব্ধতা। কিন্তু সোমবার গভীর রাতে সেই পরিচিত বাজারচত্বরই মুহূর্তে বদলে গেল আতঙ্কের ছবিতে। ঘুম ভেঙে মানুষ দেখে আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারদিক। কীভাবে শুরু হল এই ভয়াবহ ঘটনা, তা তখনও স্পষ্ট ছিল না, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া যাচ্ছিল প্রথম দেখাতেই।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টা নাগাদ বাজার এলাকার নিরাপত্তারক্ষীরাই প্রথম ধোঁয়া ও আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী আগুন নেভানোর চেষ্টা শুরু হয়, কিন্তু মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পরই খবর দেওয়া হয় দমকল দফতরে।

খবর পেয়ে বিরাটি ও পার্শ্ববর্তী দমকল কেন্দ্র থেকে একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মোট সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। কিন্তু সমস্যা তৈরি করে বাজার সংলগ্ন এলাকার সঙ্কীর্ণ রাস্তা। বড় দমকলের গাড়ি ঢোকানো সম্ভব না হওয়ায় বিরাটি উড়ালপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে ছোট গাড়িতে জল ভরে আনা হয়। রিল সিস্টেম ব্যবহার করে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে পুড়ে ছাই প্রায় ২০০টি দোকান। ব্যবসায়ীদের চোখের সামনে ভেঙে পড়ে বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্ন। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার সঠিক কারণ জানতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি কোথাও পকেট ফায়ার রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ Khaleda Zia : সঙ্কটজনক অবস্থার মধ্যেই মৃত্যু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, বয়স হয়েছিল ৮০

উল্লেখযোগ্যভাবে, যদুবাবু বাজারে ২০০১ সালেও বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় দুই দশক পর ফের সেই স্মৃতি ফিরতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে যান উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর প্রতিনিধি প্রশান্ত দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে পুরসভা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles