Narendra Modi : বঞ্চনা থেকে বিকাশের ডাক, কালীস্মরণে বার্তা নরেন্দ্র মোদির—রবীন্দ্রনাথ-নেতাজিদের উল্লেখে বিজেপির নতুন কৌশল, কতটা প্রভাব ফেলবে বিধানসভা ভোটে?

ভোট যত এগিয়ে আসে, ততই বাড়ে রাজনৈতিক বার্তা আর পাল্টা বার্তার চাপানউতোর। বাংলার মাটিতে সেই চেনা দৃশ্য আবারও স্পষ্ট। একদিকে শাসকদল আত্মবিশ্বাসী, অন্যদিকে প্রধান বিরোধী শিবির মরিয়া জনসংযোগে। তার মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ—যাঁদের মন জয় করাই এখন সব থেকে বড় লড়াই।

এবার বাংলার ঘরে ঘরে পৌঁছতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি। ‘জয় মা কালী’ স্মরণ করে শুরু হওয়া সেই চিঠিতে গত এগারো বছরে বাংলার ‘বঞ্চনা’র অভিযোগ তোলা হয়েছে। কর্মসংস্থান থেকে নারী নিরাপত্তা—বিভিন্ন ক্ষেত্রে অপশাসনের অভিযোগ তুলে ধরেছেন তিনি। পাশাপাশি দাবি করা হয়েছে, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা নাকি রাজ্যবাসীর কাছে পৌঁছতে বাধার সম্মুখীন হয়েছে।

চিঠিতে জনধন, স্বচ্ছতা অভিযান, পেনশন ও গ্যাস প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন প্রসঙ্গ টেনে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের আবহে এই চিঠি পৌঁছনোকে অনেকেই কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। বিরোধীরা অবশ্য এটিকে নিছক ভোটের আগে আবেগে আঘাত করার চেষ্টা বলেই ব্যাখ্যা করছে।

চিঠির আর একটি তাৎপর্যপূর্ণ দিক হল বাংলার মনীষীদের উল্লেখ। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দ—এই সকল ব্যক্তিত্বের আদর্শ স্মরণ করে বাংলাকে ‘বিকশিত’ করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, অতীতে মনীষীদের অসম্মান নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল। ফলে এই নামোল্লেখ নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ CPM : সিপিএম-ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন*হেনস্তার অভিযোগ, চিঠি যেতেই ২৫ লাখ টাকার ‘সমঝোতা’ প্রস্তাব!

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত কয়েকটি নির্বাচনে প্রত্যাশিত ফল পায়নি বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন তাদের কাছে বড় পরীক্ষা। এই চিঠি, ঘনঘন কেন্দ্রীয় নেতৃত্বের সফর—সব মিলিয়ে বাংলার ভোটমুখী আবহে নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা স্পষ্ট। তবে এই উদ্যোগ সত্যিই কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। শাসকদল ইতিমধ্যেই দাবি করেছে, এই চিঠিতে মানুষের মন বদলাবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বাংলার ভোটাররাই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles