‘ভোটারকে এখন নেতারাই বেছে নিচ্ছে!’, নচিকেতার বিস্ফোরক মন্তব্যে নেটদুনিয়ায় ঝড়

রাজ্যে চলছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। হাতে কাগজপত্র, বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। ভোটার তালিকা সংশোধনের এই বড়সড় কাজ এখন একই সঙ্গে দেশের আরও কয়েকটি রাজ্যেও চলছে। এই আবহেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সামনে এল নচিকেতা চক্রবর্তীর এক ভিডিও, আর তাতেই শুরু বিতর্কের ঝড়।

ভিডিয়োতে স্পষ্টই দেখা যায়, ‘প্রতিবাদ’ প্রসঙ্গ উঠতেই ক্ষোভে ফেটে পড়ছেন গায়ক। তাঁর কথায়, “কীসের এত প্রতিবাদ? কতদিন করলাম! কিছুই তো বদলায়নি।” তাঁর ভঙ্গিমায় স্পষ্ট হতাশা—যেন দীর্ঘদিনের ক্লান্তি আর ক্ষোভ একসঙ্গে বাইরে এসে পড়েছে। তবে তাঁর পরের মন্তব্যই উত্তাপে ঘি ঢেলেছে বলে মত নেটিজেনদের।

নচিকেতা বলেন, “ফিরে গেছে সময়… আগে মানুষ নেতাদের বেছে নিত। এখন উল্টোটা হচ্ছে—পলিটিশিয়ানরাই ঠিক করছে কে ভোট দেবে। কারও ওপর নিয়ন্ত্রণ, কারও ওপর চাপ—সবকিছুরই রাশ ধরছে রাজনীতিকরা।” তাঁর দাবি, পরিস্থিতি এমন স্তরে পৌঁছেছে যে মানুষ শুধু দাঁত বার করে হাসছে—অসহায়, তবুও নীরব।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই তুলে এনেছেন গত ২১ জুলাইয়ের ঘটনাটি। দলীয় মঞ্চে দাঁড়িয়ে যখন তাঁকে ‘প্রতিবাদের গান’ গাওয়ার অনুরোধ করেছিলেন ইন্দ্রনীল সেন—নচিকেতাও তখন সুর তুলেছিলেন। আজ সেই অভিজ্ঞতার সঙ্গে তাঁর বর্তমান মন্তব্যের সাংঘর্ষিকতা নিয়েই চলছে চর্চা।

নেটিজেনদের কটাক্ষও তীক্ষ্ণ—কেউ বলেছেন, “এখন সুবিধেমতো কথাবার্তা।” আরেকজনের প্রশ্ন, “মঞ্চে গেলে কেন এসব কথা মনে পড়ে না?” কেউ আবার লিখেছেন, “প্রতিবাদ করলে আজ আর গানবাজনা করে মহানায়ক হওয়া যায় নাকি?”

আরও পড়ুনঃ Bihar assembly election 2025 : বিহারে বিরোধী শিবিরে ঝড়! এক থেকে তিনে পড়ে আরজেডি, কংগ্রেস কার্যত উধাও—এনডিএ-র ‘বড় জয়’-এ বজ্রাঘাতের মতো লিবারেশনের উত্থান!

গায়কের মন্তব্য ঘিরে এখন জোরালো বিতর্ক—রাজনীতি, প্রতিবাদ ও শিল্পীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনার আগুন জ্বলেছে সোশ্যাল মিডিয়ায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর