কাস্টমস এজেন্টদের তরফে দাবি করা হয়েছে কলকাতা-সহ দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরে আমদানি করা চীনা পণ্যে ক্লিয়ারেন্স দেওয়া বন্ধ করল শুল্ক বিভাগ। কাস্টমস এজেন্টদের সংগঠন জানিয়েছে মঙ্গলবার থেকে আমদানি কৃত চীনা পণ্যে ক্লিয়ারেন্স দেওয়া বন্ধ রেখেছে শুল্ক বিভাগ।
অভ্যন্তরীণ নির্দেশিকার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে চীন থেকে আমদানি করা পণ্য পড়ে রয়েছে বিমানবন্দর ও বন্দরগুলিতে। যে সমস্ত পণ্য ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে সেগুলিও ফের পরীক্ষা করবেন শুল্ক বিভাগের আধিকারিকরা।‘ তবে এবিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি শুল্ক বিভাগ। তবে চেন্নাই ও মুম্বইয়েও চীনা পণ্যে ক্লিয়ারেন্স প্রদান বন্ধ রয়েছে।
গত সপ্তাহে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশজুড়ে আওয়াজ ওঠে চীনা পণ্য বয়কটের। তার প্রেক্ষিতেই শুল্ক দফতরের এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে বর্তমানে কলকাতা বিমানবন্দরে ৪০ টন চীনা সামগ্রী পড়ে রয়েছে। যার বাজারমূল্য আপাতভাবে ৩৫ কোটি টাকা।





