আলিপুর এখন অতীত! এবার জেব্রা, জলহস্তি, বাঘের দেখা মিলবে নিউটাউনের মিনি চিড়িয়াখানায়

বেশ জমিয়েই পড়েছে শীত। আর বাঙালির কাছে শীত মানেই কলকাতা ঘুরতে বেরিয়ে পড়া। মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকোপার্ক, সায়েন্স সিটি, কিছুই বাদের খাতায় নেই। তবে শীতের মরশুমে সবথেকে বেশি ভিড় হয় আলিপুর চিড়িয়াখানায়।

তবে এবার নানান পশু দেখার জন্য আলিপুর পর্যন্ত যেতে হবে না, এবার নিউটাউনেই দেখা মিলবে বাঘ, জেব্রা, জলহস্তির। এতদিন পর্যন্ত নিউটাউনে হরিণ, কুমির, নানান পাখি দেখার সুযোগ ছিল। তবে এবার এর পাশাপাশি নিউটাউনবাসী দর্শন করতে পারবে জেব্রারও।

জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জ়েব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে। আপাতত ওই জেব্রাটিকে লোকচক্ষুর আড়ালেই রাখা হয়েছে। সাধারণ মানুষ এখন দর্শণের সুযোগ পাচ্ছেন না। তবে এক সপ্তাহ পরে হরিণালয় মিনি চিড়িয়াখানার সব দর্শকরা জ়েব্রাটিকে দেখতে পাবেন।

জানা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই এই মিনি চিড়িয়াখানায় দেখা যাবে জিরাফ ও জলহস্তিও। শুধু তাই-ই নয়, বছরের শেষের দিকে এই হরিণালয়ে দেখা মিলতে পারে বাঘ, সিংহ, চিতারও। সেই কারণে বেশ তৎপরতার সঙ্গে এনক্লোজার তৈরির কাজ করছে মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ, এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর জন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথমদিকে এটি হরিণালয় করার চিন্তাভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদার কথা ভেবে আরও কিছু পশু-পাখি আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সেই অনুযায়ীই নানান ধরণের পাখি, হরিণ ও কুমির রাখা হয়েছে এই পার্কে। এবার পরবর্তীকালে এই মিনি চিড়িয়াখানাতে আসতে চলেছে জেব্রা, জলহস্তি, বাঘ, সিংহ, রেড ক্যাঙ্গারু, চিতা, জিরাফ ও আরও নানান পশু। এই মিনি চিড়িয়াখানায় প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা। সোমবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন খোলা থাকে এই চিড়িয়াখানা। তাহলে আর দেরি কীসের, শীতের মেজাজে উপভোগ করুন মিনি চিড়িয়াখানার দৃশ্য।

RELATED Articles