বর্তমানে করোনা পরিস্থিতিতে বিশ্বে শারীরিক অসুস্থতার সঙ্গে সবচেয়ে বেশি ধাক্কা দিচ্ছে অর্থনৈতিক মন্দা। একটা কাজের আশায় হন্যে হয়ে ঘুরছেন সকলে। আর কিছু অসাধু মানুষ এরই সুযোগ নিয়ে ক্রমাগত প্রতারণা করে যাচ্ছেন। এবার বিধান নগর দক্ষিণ থানার জালে এল এরকমই এক প্রতারক। বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করত এই ব্যক্তি। ধৃতের নাম মোঃ সোহাব ওরফে সমীর ঘোষ। গতকাল রাতে হুগলি থেকে তাকে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উত্তর প্রদেশ এর বাসিন্দা। হুগলিতে গা ঢাকা দিয়েছিল। ধৃতের কাছ থেকে বিভিন্ন নথি এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তার তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
কীরকম ভাবে কাজ করত এই প্রতারক? পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, বিভিন্ন রাজ্যে দুই তিন মাসের জন্য অফিস খুলতো অভিযুক্ত। এলাকার বেকার যুবক-যুবতীদের থেকে বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে কারোর কাছ থেকে ৮০ হাজার, কারো কাছ থেকে ৯০ হাজার, কারোর কাছ থেকে ১ লক্ষ টাকা করে নিত অভিযুক্ত। এরপর ২০১৯ এর জানুয়ারি মাসের সল্টলেকে সুকান্তনগরে অফিস খোলে এই প্রতারক। বেকার যুবকদের প্রলোভন দেখিয়ে তাদের এই ফাঁদে ফেলার জন্য বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে রেখেছিল প্রতারক। সেই বছরই মার্চ মাসে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়, বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সে চাকরি দেয়নি। সল্টলেকের সুকান্ত নগরের অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্তে নেমে। শনিবার রাতে হুগলি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।





