কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী হামলায় মৃত্যু হয় অভিজিতের। আর এরপর থেকেই তাঁর দাদা বিশ্বজিৎ ভাইয়ের মৃত্যুর জন্য ন্যায় বিচারের জন্য চেষ্টা করছেন। জানা যাচ্ছে এবার তিনি মামলা দায়ের করতে পারেন এক পুলিশ কর্তা ও এক বিধায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, আজ, বুধবার নারকেলডাঙার ওসি শুভজিৎ সেন ও এক প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে শিয়ালদহ কোর্টে মামলা করতে চলেছেন বিশ্বজিৎ।
বিশ্বজিৎ জানান যে কিছুদিন আগেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাঁর কথায়, দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর বাড়ির সামনে তাঁকে খুনের হুমকি দেয়। দুষ্কৃতীরা বলে যে নারকেলডাঙার ওই ওসি ও বিধায়কের নামে কিছু যদি তিনি বলেন তাহলে তাঁকে খুন করা হবে।
এরপরই লালবাজারের দ্বারস্থ হন বিশ্বজিৎ। কিন্তু সেখান থেকে কোনও পদক্ষেপ না করায় এবার আদালতে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করতে চলেছেন বিশ্বজিৎ।
গত শনিবার তিনি গিয়েছিলেন সিবিআই দফতরে। এই মামলায় এখনও পর্যন্ত কেন কাউকে গ্রেফতার করা হয়নি, সে নিয়ে প্রশ্ন তোলেন বিশ্বজিৎ। তিনি কেন্দ্রীয় আধিকারিকদের এও জানান যে তারা যেন দ্রুত তাঁর গোপন জবানবন্দি নেন। বিশ্বজিতের আশঙ্কা তিনিও খুন হতে পারেন। এই কারণে তিনি গোপন জবানবন্দি দিয়ে দিতে চাইছেন।
এদিন সিবিআই দফতরে ভাই অভিজিৎ সরকারের মোবাইল ফোন নিয়ে যান বিশ্বজিৎ। তাঁর বক্তব্য, অভিজিৎ হয়ত আগের থেকেই বুঝতে পেরেছিলেন যে তিনি খুন হতে পারেন, এই কারণেই মোবাইল ফোন লুকিয়ে রেখেছিলেম। সূত্রের খবর অনুযায়ী, এই ফোন থেকে অভিজিতের মৃত্যুর আগের মুহূর্তের বেশ কিছু ভিডিও রয়েছে যা তদন্তে কাজে লাগতে পারে। সেই ভিডিও নিয়েই সিবিআই দফতরে যান বিশ্বজিৎ।
কাঁকুরগাছি অভিজিত্ সরকার ‘খুনে’র ঘটনায় তৎপর সিবিআই। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অক্টোবরের শুরুতেই চার অভিযুক্তের বাড়িতে হানা দেওয়া হয়। পলাতক অভিযুক্তদের ওপর চাপ বাড়াতেই সিবিআইয়ের এই কৌশল। এই চার জনের নাম রয়েছে চার্জশিটে। চার জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিন অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গিয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে চার্জশিট জমা করে সিবিআই। ২০ জনের নামে চার্জশিট জমা পড়েছে বলে খবর। ভোট গণনার পরদিনই খুন হন অভিজিৎ সরকার। তদন্তের কারণে তখনই তাঁর দেহ সৎকার করা হয়নি। প্রায় ১৩৬ দিন পর অভিজিতের দেহ সৎকারের অনুমতি পায় তাঁর পরিবার।





