উত্তর কলকাতার বুকে ভুয়ো করোনা পরীক্ষাকেন্দ্র, অভিযোগ দায়ের ফুলবাগান থানায়

করোনা পরীক্ষা নিয়েও এবার বিপদ শহরে। কলকাতায় খোঁজ মিলল বেআইনি করোনা পরীক্ষাকেন্দ্রের। অভিযোগ ICMR-এর কোনও অনুমতি ছাড়াই ওই পরীক্ষাগারে লালারস নমুনার পরীক্ষা চলছিল। মঙ্গলবার খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ। উত্তর কলকাতায় অবস্থিত সংস্থাটির বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে। সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষাগারটি।

করোনার আবহে এমনিতেই মানুষ সংক্রমনের ভয়ে আতঙ্কিত। তার ওপর ভুয়ো ল্যাবে পরীক্ষা চলতে থাকলে সংক্রমনের হার বাড়ার আশঙ্কা প্রবল। এই প্রথম পশ্চিমবঙ্গে প্রকাশ্যে এল ভুয়ো করোনা পরীক্ষা কেন্দ্র। করোনা পরীক্ষা করার জন্য সরকারি ও বেসরকারি সমস্ত পরীক্ষাগারকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চে পরীক্ষা করার ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু উত্তর কলকাতার এই সংস্থার কাছে সেই ছাড়পত্র ছিল না বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জনিয়েছেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামে স্বাস্থ্য দফতর। পরীক্ষাগারটিকে সিল করে দেওয়া হয়েছে।’ একই সঙ্গে ফুলবাগান থানায় এফআইআরও দায়ের হয়েছে।

সরকারি পরীক্ষাগারের এক চিকিৎসক জানিয়েছেন, ‘অনুমতি ছাড়া করোনা পরীক্ষা করলে ভয়ানক কাণ্ড হতে পারে। পরীক্ষাগার থেকে ছড়াতে পারে সংক্রমণ। পরীক্ষাগারের লালারসের নমুনা পরীক্ষার সঠিক পরিকাঠামো না থাকলে ICMR তাদের অনুমতি দেয় না। কারণ সেক্ষেত্রে যারা পরীক্ষা করছে তাদের জীবন বিপন্ন হতে পারে।’

পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১১টি সরকারি পরীক্ষাগার ও ৬টি বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment